থেমে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সালাউদ্দিন দেওয়ান। তিনি বলেন, ‘রূপগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।’
গোলাকান্দাইল এলাকায় থেমে থাকা দুটি বাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা এ ধরনের কর্মকাণ্ড মেনে নেব না। রূপগঞ্জের মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























