ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে সিরাজদিখান থানা পুলিশ।
চেকপোস্টে মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রও যাচাই করছেন পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পুলিশের এ তৎপরতায় মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলা৭১নিউজ/আরএইচ



























