রংপুর নগরীতে কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা আাড়াইটার দিকে টার্মিনাল রোডে মৎস আড়তের সামনে এ ঘটনা ঘটে।
বাসটিতে ঝালাইয়ের কাজ করার পর আগুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করলেও মালিক বলছেন এটি পরিকল্পিত ঘটনা। পরপর দুটি পরিবহনে আগুনের ঘটনায় আতঙ্কে আছেন নগরবাসী।
দুর্ঘটনাকবলিত বাসটির মালিক হৃদয় আহমেদ বলেন, নীলফামারীর জলঢাকা রুটে চলাচলের জন্য দুদিন আগে বাসটি কিনেছি। হৃদয়-তাহসিন নামে বাসটি চলাচলের জন্য তৈরি করতে কিছু ঝালাইয়ের কাজ করার জন্য মৎস আড়তের সামনের ওয়ার্কসপে রাখা হয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঝালাইয়ের কাজ শেষ হয়। এরপর সেখানে রাখা অবস্থায় দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুরো বাসটি পুড়ে যায়। স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীদের দাবি, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, দুর্বৃত্তরা নাশকতার অংশ হিসেবে এমনটা ঘটাতে পারে। এ কারণে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম ওয়ার্কসপের কর্মচারীদের বরাত দিয়ে বলেন, বাসটিতে ঝালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই সড়কের পর্যটন মোটেল-সংলগ্ন সিদ্দীকিয়া বিশ্ব ইসলাম মিশনের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মিনিবাসটি লুমিনাস কোচিং সেন্টারের নিজস্ব পরিবহন ছিল।
বাংলা৭১নিউজ/আরএইচ

























