ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে বড় ধরনের নেতৃত্বসংকটে পড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর তার উত্তরসূরি খুঁজতে উদ্যোগ নিয়েছে পরিচালনা পর্ষদ।
এ কাজে সহায়তার জন্য বাইরের একটি প্রতিষ্ঠানকেও যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের বিরুদ্ধে দুটি পৃথক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে একটি সম্পর্কের অভিযোগ উঠেছে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে, যিনি সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক শীর্ষ কর্মকর্তা। তাঁকে ঘিরে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহও প্রকাশ করা হয়েছে।
তবে অ্যালিস চীনা গুপ্তচর—এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। চীনও এ অভিযোগ অস্বীকার করেছে।
এ ছাড়া এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের অভিযোগও সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল।
তবে এ অভিযোগও স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াং নিজেই কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগের পাশাপাশি অ্যালিসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের গোয়েন্দা তৎপরতা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
কী পরিকল্পনা এনভিডিয়ার
১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। প্রতিষ্ঠার পর থেকে তিনিই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন।
ফলে তার বিকল্প খুঁজে বের করা সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির সুস্পষ্ট উত্তরাধিকার পরিকল্পনাও এখনো নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে নতুন সিইও নিয়োগের আগপর্যন্ত অন্তর্বর্তী প্রধান নির্বাহী নিয়োগের বিষয়টি বিবেচনা করছে পরিচালনা পর্ষদ। সম্ভাব্য অন্তর্বর্তী সিইও হিসেবে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসের নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া এনভিডিয়ার আরেক সহপ্রতিষ্ঠাতা ক্রিস মালাচোস্কিও নেতৃত্বের পরিবর্তনের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্তও শুরু হয়েছে। এ তদন্তের নেতৃত্ব দিচ্ছে আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ। তবে এ বিষয়ে এনভিডিয়া আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিনিয়োগকারীদের উদ্বেগ, চাপে শেয়ার
জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। প্রতিবেদনগুলো সামনে আসার পর বর্ধিত লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত কমেছে। বিতর্ক শুরু হওয়ার পর থেকে শেয়ারটির দাম প্রায় ২০ শতাংশ কমেছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
তবে হুয়াংকে সরিয়ে দেওয়া সহজ সিদ্ধান্ত হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে এনভিডিয়ার ভূমিকার পাশাপাশি প্রতিষ্ঠানটির সাফল্যের সঙ্গে তার নেতৃত্বও গভীরভাবে জড়িত। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দীর্ঘ সময়ে ব্যাপক বেড়েছে। অন্যদিকে, চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগের সঙ্গে তাঁর সম্পর্কের কোনো যোগসূত্র থাকলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও এনভিডিয়ার বাণিজ্যিক গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে—এমন উদ্বেগও রয়েছে।
এখন জেনসেন হুয়াংয়ের নেতৃত্ব নিয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর প্রযুক্তি ও বিনিয়োগবিশ্বের।
বাংলা৭১নিউজ/আরএইচ




























