ঘোষণাটা আনুষ্ঠানিক। লিওনেল মেসি পরবর্তী যুগ শুরু হচ্ছে আর্জেন্টিনায়।
এমন মুহূর্ত দেখার জন্য কেউ কখনো প্রস্তুত ছিল না, তবে এবারের বিষয়টি পুরোপুরি অপ্রত্যাশিতও নয়।
কোচ লিওনেল স্কালোনি আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য দলের স্কোয়াড ঘোষণা করেছেন। যেখানে সবচেয়ে বড় এবং বেদনাদায়ক বিষয়টি হচ্ছে মেসির নাম স্কোয়াডে না দেখা। এতে অবশ্য কারো দায় নেই।
সময়ই ঠিক করে দিয়েছে মুহূর্তটি। সময়ের ডাকেই সাড়া দিয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলায় এমন দৃশ্যর অবতরণ হয়েছে।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল ঘোষণায় অনেকে ভেবেছিলেন স্কালোনি হয়তো তার পরিচিত মুখগুলোকেই রাখবেন, কিন্তু তিনি এর পরিবর্তে জাতীয় দল পুনর্গঠন বা পরিবর্তনের সাহসী পদক্ষেপ নিয়েছেন। নতুন এই স্কোয়াড থেকে শুধু মেসিই বাদ পড়েননি, বাদ পড়েছেন দলের অন্য বেশ কয়েকজন হাই-প্রোফাইল তারকাও।
অন্যতম হচ্ছেন—রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো এবং নিকো গঞ্জালেস। এই তিনজন দীর্ঘ সময় ধরে মেসি ও স্কালোনির সাথে ছায়ার মতো পাশে ছিলেন।
অন্যদিকে চোটের কারণে স্কোয়াডে নেই লাউতারো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো। আর নিষেধাজ্ঞার কারণে নেই লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মলিনা।
পরিচিত অনেক মুখই অনুপস্থিত থাকায়, এখন নিকো পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্টিন বার্কোর মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ নিজেদের মেলে ধরার।
আর আর্জেন্টিনার নতুন যুগের সূচনা করার।
আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি হবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৩ এবং ১৭ নভেম্বর।
আর্জেন্টিনার স্কোয়াড :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ (চেলসি), হেরেনিমো রুলি (ম্যানচেস্টার সিটি), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট) ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), অগাস্টিন জিয়াই (পালমেইরাস), অ্যারন আনসেলমিনো (চেলসি), মারিয়ানো ত্রোইলো (পার্মা), লিওনার্দো বালের্দি (রোমা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো মেদিনা (বায়ার লেভারকুসেন), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), রোমান ভেগা (জেনিত)।
মিডফিল্ডার : এজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), মাক্সিমো পেরোনে (কোমো), এজেকিয়েল পালাসিওস (ইপসউইচ টাউন), ভালেন্তিন বার্কো (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো)।
ফরোয়ার্ড : মাতিয়াস সুলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তানতুওনো (ফিওরেন্তিনা), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), থিয়াগো আলমাদা (রিভারপ্লেট), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), সান্তিয়াগো কাস্ত্রো (রোমা), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ)।
বাংলা৭১নিউজ/আরএইচ




























