নিয়ম অনুযায়ী ৫ হলুদ কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন খেলোয়াড়। সেই হিসেবে লিওনেল মেসিকে এক ম্যাচ মাঠের বাইরে থাকার কথা।
কিন্তু ৫ হলুদ কার্ড দেখার পরেও নিষেধাজ্ঞা পাচ্ছেন না আর্জেন্টাইন কিংবদন্তি।
মেজর লিগ সকারের (এমএলএস) এক বিশেষ নিয়মের কারণে এই শাস্তি এড়িয়েছেন মেসি। এমএলএসে সাধারণত ৫ হলুদ কার্ডে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও ইন্টার মায়ামির অধিনায়কের ক্ষেত্রে কার্যকর হচ্ছে ‘গুড বিহেভিয়ার ইনসেনটিভ’ নিয়ম।
নিয়মটা হচ্ছে— টানা পাঁচ ম্যাচে কোনো হলুদ বা লাল কার্ড না দেখলে খেলোয়াড়ের কার্ডের হিসাব থেকে একটি হলুদ কার্ড কমে যায়।
তবে একবারে শূন্য হওয়ার সুযোগ নেই। পুরো মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারবে খেলোয়াড়রা।
মেসি চলতি মৌসুমে তিনবার টানা পাঁচ ম্যাচ কার্ড না দেখে কাটিয়েছেন। ফলে তাঁর কার্যকর হলুদ কার্ডের সংখ্যা এখন মাত্র দুটি।
তাই পঞ্চম কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়ছেন না তিনি।
বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। প্রথমার্ধের ৪২ মিনিটে গোলের উদ্দেশে শট নিয়েছিলেন তিনি। বল প্রতিহত হওয়ার পর সেটির দখল নিতে গিয়ে সিনসিনাটির ডিফেন্ডার স্যামুয়েল গিদির সঙ্গে সংঘর্ষে জড়ান মেসি। তার শাস্তি হিসেবে তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।
এই মৌসুমে তার পঞ্চম হলুদ কার্ড।
মেসি শাস্তি এড়ানোয় মায়ামির জন্য স্বস্তির সংবাদ। আগামী ২ নভেম্বর দলটির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে নিউ ইংল্যান্ডের বিপক্ষে। এমএলএসের ইস্টার্ন কনফারেন্স প্রতিপক্ষ মায়ামির থেকে ২ পয়েন্টে এগিয়ে। সমান ৩২ ম্যাচে মায়ামির ৫৬ এর বিপরীতে নিউ ইংল্যান্ডের ৫৮। আর ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।
বাংলা৭১নিউজ/আরএইচ




























