মাদককে ‘জাতীয় সমস্যা’ অভিহিত করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। এ ছাড়া তিনি পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারমুক্ত বান্দরবান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক র্যালি শেষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মন্ত্রী এ সময় মাদকমুক্ত বাংলাদেশ ও মাদকমুক্ত বান্দরবান পার্বত্য জেলা গড়তে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের সর্বত্র মাদকের ক্ষতিকর প্রভাব দিন-দিন বেড়ে চলেছে। মাদক এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। কক্সবাজারকে মাদকের মূল রুট হিসেবে চিহ্নিত করা হলেও নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও থানচিসহ পার্বত্য অঞ্চলে এর মারাত্মক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।
বান্দরবানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, আবেগতাড়িত না হয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রেখে পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বান্দরবানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী।
বাংলা৭১নিউজ/সারোয়ার
























