যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) প্রাণশক্তি বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য (এমপি) ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম। শুক্রবার (৩০ অক্টোবর) কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি আবুল কালাম বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদল সব সময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, গত সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তার বিজয়ে যুবদলের ভূমিকা প্রশংসনীয় ছিল। এ জন্য মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সব নেতাকর্মীকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান তিনি।
উপজেলার যোগাযোগব্যবস্থা নিয়ে এই সংসদ সদস্য বলেন, মনোহরগঞ্জের যোগাযোগব্যবস্থা অনেকটাই নাজুক। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ছাড়া বাস চলাচলের উপযোগী আর কোনো আঞ্চলিক সড়ক নেই। উপজেলায় নতুন করে দুটি হাইওয়ে সড়ক অনুমোদনের জন্য জাতীয় সংসদে কাজ করছেন তিনি। শিগগিরই এর সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকুর সভাপতিত্বে এবং সদস্যসচিব আমান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু, উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আলী মর্তুজা ও জহিরুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















