আইফোন ছাড়া প্রায় সব ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য দেশে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
দেশীয় উৎপাদন বাড়িয়ে বাজারের চাহিদার ৯০ শতাংশ পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হাই-টেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সভাকক্ষে নভেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় এসব কথা বলেন রেহান আসিফ আসাদ।
তিনি বলেন, দেশে এখন আইফোন ছাড়া প্রায় সব ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য তৈরি হচ্ছে। হাই-টেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দিয়ে দেশীয় উৎপাদন ৯০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। একই সঙ্গে এসব পণ্য রপ্তানিমুখী করার উদ্যোগ নিতে হবে।
উপদেষ্টা বলেন, এ খাতে নতুন উৎপাদন লাইন চালু এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। এতে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সরকারকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে।
আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে সভায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ























