চাকরিজীবনের শুরু থেকেই অনিয়ম, দুর্নীতি আর চরম স্বেচ্ছাচারিতার এক অভয়ারণ্য গড়ে তুলেছেন ঢাকার দ্বিতীয় শ্রম আদালতের রেজিস্ট্রার শাহিন আলী ওরফে শাহীন আহমেদ। গুরুতর অসদাচরণের দায়ে মন্ত্রণালয় থেকে সাত বছরের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থগিতের মতো নজিরবিহীন ও কঠোর বিভাগীয় দণ্ড মাথায় নিয়েও বিন্দুমাত্র দমেননি তিনি। বরং প্রকাশ্যে ঘুষ ও কমিশন দাবি, মামলার সার্টিফাইড কপি জিম্মি করে অর্থ আদায়, খোদ আদালতের চেয়ারম্যানের আইনসংগত আদেশ অমান্য এবং নারী সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণের মতো গুরুতর অপরাধ করেও তিনি বহাল তবিয়তে চেয়ার আঁকড়ে আছেন। তাকে দ্রুত প্রত্যাহার ও কঠোর বিভাগীয় শাস্তির জোর সুপারিশ করে খোদ আদালতের বিচারক (চেয়ারম্যান) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগের সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাপ্তরিক চিঠি পাঠালেও রহস্যজনক কারণে নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। প্রশ্ন উঠেছে, কোন অদৃশ্য খুঁটির জোরে একজন দণ্ডিত কর্মকর্তা বছরের পর বছর বিচারপ্রার্থী শ্রমিক ও আইনজীবীদের জিম্মি করে এমন বেপরোয়া দুর্নীতির সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন?
সংশ্লিষ্ট দাপ্তরিক নথি ও বিভাগীয় চিঠিপত্র পর্যালোচনায় রেজিস্ট্রার শাহিন আলীর ধারাবাহিক দুর্নীতির এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০২১ সালের ২৭ মার্চ বরিশাল শ্রম আদালতে যোগদানের পরপরই ‘অসদাচরণের’ দায়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর শাস্তিস্বরূপ তার ৭ বছরের ইনক্রিমেন্ট স্থগিত করে। কিন্তু এই কঠোর দণ্ড চলমান থাকা অবস্থাতেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। মাত্র তিন বছরের চাকরিজীবনে একের পর এক অনিয়মের কারণে তাকে বরিশাল থেকে চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতে (২১ জানুয়ারি ২০২৪ থেকে ১৮ আগস্ট ২০২৪ পর্যন্ত কর্মরত) এবং সেখান থেকে ২০২৪ সালের ১৩ আগস্টের বদলি আদেশে ঢাকায় পাঠানো হয়। ২০ আগস্ট ২০২৪ তারিখে তিনি ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েই পুরনো রূপে ফেরেন।
ঢাকায় যোগদানের পরপরই দাপ্তরিক কাজে চরম গাফিলতি ও চরম ঔদ্ধত্য দেখাতে শুরু করেন শাহিন আলী। নকল প্রত্যয়নকারী কর্মকর্তা হিসেবে সার্টিফাইড কপিতে ইচ্ছাকৃত বিলম্বে স্বাক্ষর, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ এবং ক্রয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পালনে গড়িমসির কারণে তৎকালীন চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুল হামিদ তাকে পরপর তিনটি শোকজ নোটিশ দেন। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এবং ২৭ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও তিনি তা আমলেই নেননি। ঔদ্ধত্যের চরম সীমা দেখিয়ে শোকজ নোটিশ এবং আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) পরিবর্তন সংক্রান্ত দাপ্তরিক চিঠি আদালতের সাঁটলিপিকার ফাতেমা খাতুন ও হিসাবরক্ষক শেখ নূর ঈমামের মাধ্যমে পাঠানো হলে তিনি তা গ্রহণ করতে সরাসরি অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে পরদিন ২০২৪ সালের ৫ নভেম্বর এডিসহ রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ দুটি পাঠানো হয়।
কর্তৃপক্ষের আদেশ অমান্য ও শোকজের জবাব না দেওয়ায় ২০২৪ সালের ৫ নভেম্বর চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে (স্মারক নং- শ্রঃআঃ২/২০২৪/১৮৯) কঠোর সতর্কবার্তা দিয়ে উল্লেখ করেন, শাহিন আলীকে বর্তমান পদে বহাল রাখলে আদালতের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা-২০১৮-এর বিধি ২(খ)(অ)(আ) ও ৪(৫)(গ) এবং সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা-২০১৯ লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও তাকে প্রত্যাহারের জোর সুপারিশ করা হয়। চিঠিটির অনুলিপি আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছেও পাঠানো হয়। কিন্তু অদৃশ্য কারণে সেই চিঠিও ফাইলবন্দি হয়ে পড়ে।
প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন শাহিন আলী। নকলের সার্টিফাইড কপি আটকে আইনজীবীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়ের পাশাপাশি নারী সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণের গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঢাকার দ্বিতীয় শ্রম আদালতের তৎকালীন পিএ (সাঁটলিপিকার) ফাতেমা খাতুন ২০২৫ সালের আগস্ট মাসে তৎকালীন চেয়ারম্যান রাজিয়া বেগমের কাছে শাহিন আলীর অশোভন আচরণের বিষয়ে লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে ভুক্তভোগী ফাতেমা খাতুন চট্টগ্রাম শ্রম আদালতে বদলি হয়ে গেলেও অভিযুক্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
একইভাবে, সরকারি ‘শ্রমিক আইন সহায়তা সেল’ (লিগ্যাল এইড), ঢাকার ক্যাটালগার মোসাঃ জহরা খাতুনও ২০২৬ সালের ২ সেপ্টেম্বর প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ও শ্রম আদালত বিশেষ কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ছয় মাস ধরে রেজিস্ট্রার শাহিন আলী অসহায় শ্রমিকদের অভিযোগের ফাইলগুলো নিজের কব্জায় নিয়ে মালিকপক্ষের কাছ থেকে কমিশন নেওয়ার অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। পাশাপাশি তিনি প্রতি ওকালতনামায় ১ হাজার টাকা এবং প্রতি মামলা ফাইলিংয়ে শ্রমিকদের কাছ থেকে ১ হাজার টাকা করে আদায়ের নির্দেশ দেন। জহরা খাতুন এই ঘুষ বাণিজ্যে রাজি না হওয়ায় শাহিন আলী ক্ষুব্ধ হয়ে আবেদনকারী শ্রমিকদের প্ররোচিত করে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রস্তাব দেন এবং অফিসে মানহানিকর অপপ্রচার চালান।
সর্বশেষ গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং- শ্র: আ: ৩/২০২৬/৬৮১) রেজিস্ট্রার শাহিন আলীর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে ব্যবস্থা নিতে দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যানকে অনুরোধ জানান। চিঠির অনুলিপি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়। মূলত ‘টেকনো ড্রাগস লিমিটেড’-এর মালিক আরেফিন রাফি আহমেদের বিরুদ্ধে ৪৫ জন কর্মচারীর দায়ের করা বেতন-ভাতার মামলা ২৮ জুলাই, ২৪ আগস্ট ও ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমঝোতার মাধ্যমে মীমাংসা হলে শাহিন আলী প্রকাশ্যে ৫ লাখ টাকা কমিশন দাবি করেন। কোম্পানির আইনজীবী অ্যাডভোকেট এ এস এম আলী হায়দার দিপু লিখিত অভিযোগে জানান, কোনো পূর্বানুমতি ছাড়াই ২৮ জুলাই ও ২৪ আগস্ট তিনি হাইকোর্ট চেম্বারে গিয়ে চাপ সৃষ্টি করেন, যার অকাট্য প্রমাণ সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে। দুই মাস পরও তিনি প্রতিষ্ঠানটির এইচআর বিভাগে ফোন করে মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন; প্রমাণ হিসেবে তিন পাতা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটও জমা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, সিসিটিভি ফুটেজ, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট এবং খোদ একাধিক বিচারকের লিখিত সুপারিশ থাকার পরও কেন রেজিস্ট্রার শাহিন আলীকে আজও অপসারণ বা বরখাস্ত করা হচ্ছে না? বিচারপ্রার্থী অসহায় শ্রমিক ও আইনজীবীদের জিম্মিদশা থেকে মুক্তি দিতে এবং আদালতের ভাবমূর্তি রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন বিচার বিভাগীয় কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ, তাৎক্ষণিক প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার শাহিন আলী ওরফে শাহীন আহমেদ সব অনিয়ম ও দুর্নীতির কথা অস্বীকার করে দাবি করেন, তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র হচ্ছে। তবে সাত বছরের ইনক্রিমেন্ট স্থগিতের দণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খোদ আদালতের চেয়ারম্যানের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি; বরং ‘এসব কেন হচ্ছে আমি জানি না’ বলে এড়িয়ে যান। সর্বশেষ নারী সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণের লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কোনো জবাব না দিয়ে তিনি তড়িঘড়ি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বাংলা৭১নিউজ/এসএইচবি
























