আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) ও স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এবং ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভা শুরু হয়।
সভায় উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, পাঁচ ধাপে ইউপি নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পর্যালোচনা করা হচ্ছে। কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে।
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এসব ইউপির নির্বাচনি তফসিল ঘোষণা করবেন।
এদিকে স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়ও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।
নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























