কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের (এআইজি-মিডিয়া) কামারুম মুনিরা।
তিনি জানান, এই ঘটনায় মোট চারজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
ডিবি সূত্রে জানা যায়,, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার (রিকুইজিশন) পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত নুরুজ্জামান জনি রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর ওই দিন রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে এ ঘটনায় মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। মামলায় সাবেক ও বর্তমান ১৩ পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। আসামিদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























