কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সংগীতের স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘এআই মিউজিক অ্যাওয়ার্ডস’। শুক্রবার (১৪ নভেম্বর) লস অ্যাঞ্জেলেসের এ অনুষ্ঠানে এআইয়ের সহায়তায় গান তৈরি করা সংগীতশিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংগীতের জগতে এআইয়ের ব্যবহার নিয়ে বিতর্ক ও আইনি জটিলতা চলার মধ্যেই এ আয়োজন করা হয়েছে। এরই মধ্যে এআই দিয়ে তৈরি গান লাখ লাখবার শোনা হয়েছে এবং সংগীতের বিভিন্ন চার্টেও জায়গা করে নিয়েছে।
অনুষ্ঠানে সেরা এআই শিল্পী, সেরা গান ও সেরা অ্যালবাম—তিনটি প্রধান পুরস্কার পেয়েছে এআইনির্ভর সংগীতশিল্পী ‘জানিয়া মনেট’ (Xania Monet)। ‘হাউ ওয়াজ আই সাপোজড টু নো?’ গানটির জন্য পরিচিত এই ভার্চ্যুয়াল শিল্পীকে তৈরি করেছেন তেলিশা ‘নিকি’ জোনস।
তিনি জানিয়েছেন, গানের সব কথা নিজেই লিখেছেন, পরে এআইয়ের সহায়তায় সেগুলোতে সুর ও সংগীত যুক্ত করেছেন।
জোনস বলেন, এআই সংগীত একটি নতুন বিষয়। মানুষের ধীরে ধীরে এর সঙ্গে পরিচিত হতে হবে। তার মতে, সংগীত তৈরির এই ধারা শিগগিরই হারিয়ে যাওয়ার নয়।
এআই সংগীত তৈরির ক্ষেত্রে মানুষের ভূমিকার বিষয়টিও উঠে এসেছে অনুষ্ঠানে। সংগীত প্রযোজক ড্রেক মারফি বলেন, সবাই যখন এআইকে কৃত্রিম বা ভুয়া বলছেন, তখন এর পেছনে থাকা মানুষটি কিন্তু বাস্তব। তাঁর মতে, এআই দিয়ে গান তৈরির পেছনেও মানুষের সৃজনশীলতা ও শ্রম রয়েছে।
অনুষ্ঠানের বিজয়ী নির্বাচন করেছে সনিক ইন্টেলিজেন্স একাডেমির সদস্য এআই শিল্পীরা। প্রতিষ্ঠানটি এআই দিয়ে তৈরি গানের তালিকা প্রকাশ এবং সংগীতে এআইয়ের ব্যবহার শনাক্ত করার বিভিন্ন সরঞ্জাম তৈরি করে।
তবে সংগীতে এআইয়ের ব্যবহার নিয়ে বিতর্কও রয়েছে। কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যানথ্রপিক ও ওপেনএআইসহ বিভিন্ন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে রেকর্ড লেবেলগুলো। অভিযোগ, এসব প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই কপিরাইটযুক্ত গান ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দিচ্ছে। অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর দাবি, যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের ‘ফেয়ার ইউজ’ নীতির আওতায় এ ধরনের ব্যবহার বৈধ হতে পারে।
সংগীতশিল্পীদের একাংশের আশঙ্কা, এআই দিয়ে তৈরি গান জনপ্রিয়তা পেলে মানবশিল্পীদের কাজের সুযোগ কমে যেতে পারে। এতে সংগীত প্রযোজক, গায়ক, শব্দ প্রকৌশলী ও গীতিকারদের জীবিকাও হুমকিতে পড়তে পারে।
তবে পুরস্কারের জন্য মনোনীত অনেক নির্মাতার দাবি, তাদের বলার মতো গল্প থাকলেও সেগুলোকে পূর্ণাঙ্গ সংগীতে রূপ দেওয়ার প্রয়োজনীয় দক্ষতা সবার থাকে না। এআই তাঁদের সেই ঘাটতি পূরণে সহায়তা করছে। তাঁদের মতে, এআই সংগীতের পেছনেও মানুষের সৃজনশীলতা ও পরিশ্রম রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























