দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হিলি বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দলীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরো একটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ সেটি জব্দ করে।
তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে হাকিমপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লক্ষ্মীকান্ত বলেন, ঘটনাস্থলে একটি ককটেল পড়ে থাকতে দেখা গেছে। পরে সেটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।
বাংলা৭১নিউজ/আরএইচ

























