বিয়ের পর পেশাগত কাজ থেকে তিন মাসের বিরতি নিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত নতুন কোনো কাজ হাতে নিচ্ছেন না তিনি।
এরই মধ্যে তার এই বিরতির প্রভাব পড়েছে একটি সিনেমার প্রচারপরিকল্পনাতেও।
কমল হাসানের আসন্ন সিনেমা সান্ডিয়ার হতে যাচ্ছে বিরতির পর অনিরুদ্ধের প্রথম কাজ। গত ৭ নভেম্বর কমল হাসানের জন্মদিন উপলক্ষে সিনেমাটির টিজার প্রকাশের পরিকল্পনা ছিল নির্মাতাদের। তবে নির্ধারিত সময়ের মধ্যে ছবিটির আবহসংগীতের কাজ শেষ করতে পারেননি অনিরুদ্ধ।
ফলে অসম্পূর্ণ টিজার প্রকাশ না করে শুধু ছবির প্রথম ঝলকের পোস্টার প্রকাশ করেন নির্মাতারা।
জানা গেছে, সিনেমাটির পরবর্তী শুটিং শিডিউল শুরু হলে আবহসংগীতসহ টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে। অনিরুদ্ধের বিরতির বিষয়টি আগে থেকেই জানতেন সংশ্লিষ্ট নির্মাতারা। অক্টোবরের পর নতুন কোনো কাজ না নেওয়ার সিদ্ধান্তের কথাও তিনি অন্য নির্মাতাদের জানিয়েছিলেন।
এর আগে ১১ নভেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অনিরুদ্ধ ও কাব্য মারান। তাদের বিয়েতে অনুসরণ করা হয় তামিলনাড়ুর ‘স্বাভিমান বিয়ে’ বা ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’ রীতি।
ডিএমকে আইটি উইংয়ের সম্পাদক টি আর বি রাজা বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে বর-কনে একে অপরকে মালা পরান। এরপর উপস্থিত জ্যেষ্ঠ ব্যক্তিরা তাদের হাতে চেইন তুলে দেন।
অনিরুদ্ধ ও কাব্য একে অপরকে সেই চেইন পরিয়ে দেন। পরে পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নেন তারা।
‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’ প্রথার সূচনা করেছিলেন পেরিয়ার ই ভি রামাসামি। এ রীতিতে বর-কনে সাক্ষীদের উপস্থিতিতে একসঙ্গে থাকার অঙ্গীকার করেন এবং মালা বা আংটি বিনিময় করেন। ১৯৬৭ সালে তামিলনাড়ুতে এই বিয়ের রীতি আইনগত স্বীকৃতি পায়।
বাংলা৭১নিউজ/আরএইচ


























