টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। ২০২৫ সালের এপ্রিলে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য লালনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান।
অভিনেতা দাবি করেন, পায়ে গুরুতর চোট পাওয়ার পর দ্রুত সেরে উঠতে বলিউড তারকা অজয় দেবগনের বাবা প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের পরামর্শেই তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন এবং চোট সারার গতি দেখে নিজেও বিস্মিত হয়েছিলেন। তার এই বক্তব্যের পর ‘ইউরিন থেরাপি’ বা ‘ইউরোথেরাপি’ নামে পরিচিত স্বল্প আলোচিত এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সাক্ষাৎকারে উপস্থাপক সৌরভ দ্বিবেদীকে পরেশ রাওয়াল জানান, ঘটনাটি ঘটেছিল রাজকুমার সন্তোষী পরিচালিত ও সানি দেওল অভিনীত ‘ঘাতক’ সিনেমার শুটিং চলাকালে। সিনেমার একটি দৃশ্যে অভিনেতা রাকেশ পান্ডের তাকে একটি মাছের বাজারের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দৃশ্যের জন্য তাকে যে নতুন জুতা দেওয়া হয়েছিল, তা বাজারের ভেজা মেঝেতে অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে।
রাওয়াল স্মৃতিচারণা করে বলেন, মহড়ার (রিহার্সাল) সময় অভিনেতারা খুব একটা বলপ্রয়োগ না করলেও চূড়ান্ত শুটিংয়ের সময় দৃশ্যটি অনেক বেশি তীব্র হয়ে ওঠে। ফলে ভারসাম্য হারিয়ে তিনি সরাসরি হাঁটুর ওপর পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন। সে সময় সহ-অভিনেতা তিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাকে উদ্ধার করে কাছের নানাবতী হাসপাতালে নিয়ে যান। চোট এতটাই গুরুতর ছিল যে, পরেশ রাওয়াল আশঙ্কা করেছিলেন তার অভিনয় জীবন বোধহয় ওখানেই শেষ হয়ে গেল।
চোট পাওয়ার খবর পেয়ে হাসপাতালে দেখতে আসেন প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন। তিনিই পরেশ রাওয়ালকে প্রচলিত চিকিৎসার বাইরে গিয়ে এই অপ্রচলিত টোটকার পরামর্শ দেন। রাওয়ালের ভাষ্যমতে, বীরু দেবগন তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম মূত্র পান করার উপদেশ দেন এবং জানান যে ফাইটাররাও (অ্যাকশন শিল্পী) চোট সারাতে এই পদ্ধতি অনুসরণ করেন। এতে কোনো শারীরিক সমস্যা হবে না বলে আশ্বস্ত করার পাশাপাশি আগের রাতে মদ্যপান না করারও শর্ত দেন বীরু দেবগন।
পরেশ রাওয়াল জানান, পরামর্শটি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি ঠিক করেন, কাজটি করলে ঠিকমতোই করবেন। সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এক ঢোঁকে গিলে না ফেলে বরং ‘বিয়ারের মতো ধীরে ধীরে চুমুক দিয়ে’ তা পান করবেন। এভাবে টানা ১৫ দিন তিনি নিজের মূত্র পান করেন।
অভিনেতার দাবি, ১৫ দিন এই নিয়ম মেনে চলার পর তার পায়ের আরেকটি এক্স-রে করা হয় এবং চোট সারার অভাবনীয় অগ্রগতি দেখে চিকিৎসকও অবাক হয়ে যান। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন, হাসপাতাল থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগবে। কিন্তু তিনি মাত্র দেড় মাসের মধ্যেই পুনরায় শুটিংয়ে ফিরতে সক্ষম হন।
‘ইউরিন থেরাপি’ সম্পর্কে চিকিৎসাবিজ্ঞান কী বলে?
নিজের মূত্র পান করার এই পদ্ধতিটি চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ‘ইউরিন থেরাপি’, ‘ইউরোথেরাপি’ বা ‘ইউরোফ্যাজিয়া’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা চিকিৎসাকেন্দ্র ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যানুযায়ী, কিডনি রক্ত পরিশোধন করে শরীরের অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থ বের করে দেওয়ার মাধ্যমে মূত্র তৈরি করে। সুস্থ মানুষের মূত্রে সাধারণত প্রায় ৯৫ শতাংশ পানি থাকে এবং বাকি অংশে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস ও ব্যাকটেরিয়ার মতো বর্জ্য উপাদান থাকে।
তবে মূত্রে পানি ও কিছু প্রাকৃতিক উপাদানের উপস্থিতি থাকার অর্থ এই নয় যে এর কোনো রোগ নিরাময়কারী বা থেরাপিউটিক গুণাগুণ রয়েছে। ক্লিভল্যান্ড ক্লিনিক স্পষ্টভাবে জানিয়েছে, মূত্র সম্পূর্ণ জীবাণুমুক্ত—এমন প্রচলিত ধারণাটি সম্পূর্ণ ভুল।
বিশেষজ্ঞদের মতে, পরেশ রাওয়ালের এই অভিজ্ঞতাকে কেবল একটি ব্যক্তিগত ঘটনা বা ব্যতিক্রমী গল্প হিসেবেই দেখা উচিত; এটি কোনো স্বীকৃত চিকিৎসাপদ্ধতি নয় এবং বৈজ্ঞানিক প্রমাণ বা পেশাদার চিকিৎসকের পরামর্শের বিকল্প হিসেবে একে গ্রহণ করার কোনো সুযোগ নেই।
বাংলা৭১নিউজ/আরএইচ

























