মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা।
আজ বুধবার (২৮ অক্টোবর) তৃতীয় সেশনের খেলা চলার সময় স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশের একটি ফ্লাডলাইটে আগুন লেগে ধোঁয়া বের হতে দেখা যায়।
মেঘলা আকাশের কারণে আলো কমে আসায় স্টেডিয়ামে ফ্লাডলাইট জ্বালানো হয়েছিল। খেলা চলার একপর্যায়ে ফ্লাডলাইটে আগুন লাগে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই ফ্লাডলাইটের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখা হয়। এ ঘটনার সময় বাংলাদেশ ব্যাটিং করছিল।
তবে আবার খেলা শুরু হওয়ার পর বেশিক্ষ চালানো সম্ভব হয়নি। আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
ফ্লাডলাইটে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা স্টেডিয়ামের ম্যাচ আয়োজন ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ





























