নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়েছেন তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টার দিকে মাতৃভাষা বাংলায় নিজের বক্তব্য শুরু করেন তিনি।
১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। এরপর জাতিসংঘের মতো বড় কোনো আন্তর্জাতিক আসরে এটাই তার প্রথম উপস্থিতি।
এর আগে গত বুধবার নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই ভাষণের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি জানান, দেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে আন্তর্জাতিক পরিসরে ফুটিয়ে তুলতেই প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দিচ্ছেন।
এই ভাষণকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অতীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াও রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের এই মঞ্চে দাঁড়িয়েছিলেন। আজ তাদেরই দেখানো পদাঙ্ক অনুসরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চলমান অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান তিনি। সরকারপ্রধানের চেয়ারে বসার পর এটিই তার প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর। এর আগে ক্ষমতা গ্রহণের পর প্রথম দুটি রাষ্ট্রীয় সফরে তিনি মালয়েশিয়া ও চীনে গিয়েছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস






















