কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টায় ২৮৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৬৪ জন নিষিদ্ধ সংগঠনের কর্মীও আছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এবং শুক্রবার (২০ নভেম্বর) জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে জেলাজুড়ে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযানে জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় মাদক-সন্ত্রাস, কিশোর গ্যাং এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ ২৮৮ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ৮১ জনকে মুচলেকা গ্রহণপূর্বক পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
বাংলা৭১নিউজ/আরএইচ























