রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে তাদের কাছে গণতন্ত্র অর্থহীন বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, রিকশা শ্রমিকসহ শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার দাবি পূরণ করে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা শ্রমিকবান্ধব সরকার।
রবিবার (১৬ আগস্ট) রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত রিকশা শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, শ্রমজীবী মানুষের মানবিক জীবন নিশ্চিত না হলে তাদের কাছে গণতন্ত্র কোনো অর্থ বহন করবে না। রিকশা শ্রমিকদের মানবাধিকার নিয়ে কেউ কথা বলে না। অথচ বিদ্যুৎ সংকট বৃদ্ধির দায়ও তাদের ওপর চাপানো হচ্ছে।
সরকারসহ উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
ব্যাটারিচালিত রিকশা নির্বিচারে ডাম্পিং এবং শ্রমিকদের ওপর চাঁদাবাজি ও পুলিশি হয়রানি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আটক করা সব রিকশা ছেড়ে দিতে হবে। অন্যথায় রিকশা শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আহসান বিল্লাল, কেন্দ্রীয় নেতা তুহিন খান ও মোহাম্মদ শান্ত।
বাংলা৭১নিউজ/আরএইচ



























