মাগুরায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় গভীর রাতে এ ঘটনা ঘটে। এসময় নিহতের পাশে ট্রান্সমিটার খোলার সরঞ্জাম পাওয়া গেছে।
নিহত ফিরোজ চাঁদপুর গ্রামের বিশারত বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে বিদ্যুতের খুঁটির নিচে একজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার পাশেই ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পড়ে ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মাগুরা সদর থানার এসআই আতাউল গনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাসের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ


























