জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় মতিউর রহমানকেও আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাঈল মামলাটি দায়ের করেন। সংস্থাটি জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানান।
এজাহার সূত্রে জানা গেছে, লায়লা কানিজের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১৭ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩৩২ টাকার সম্পদ রয়েছে। বিপরীতে, তার গ্রহণযোগ্য আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর সঞ্চয় বা বৈধ উৎসের পরিমাণ পাওয়া গেছে ৪ কোটি ৩০ লাখ ২৭ হাজার ২২৬ টাকা। ফলে তার নামে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ঘোষিত সম্পদের সঙ্গে যাচাইয়ে পাওয়া সম্পদের পার্থক্য ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা। সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে এই পরিমাণ সম্পদের তথ্য গোপন করেছেন লায়লা কানিজ। লায়লা কানিজের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি তার প্রথম স্ত্রী লায়লা কানিজকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এর আগে, ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের আলোচিত সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। এছাড়া তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৪৯০ টাকার অবৈধ সম্পদ ও ২ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে আরও একটি মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানা যায়। সেই মামলায়ও আসামি হিসেবে মতিউর রহমানের নাম রয়েছে।
মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য (শুল্ক ও আবগারি)। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ২০২৫ সালের ১৪ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























