গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বাধীনতা চত্বরের মূল ফটকে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে দিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা মিছিলও করেন। এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে দুটি মোটরসাইকেল যোগে ৬ থেকে ৭ জন যুবক স্বাধীনতা চত্বরের সামনে আসেন। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। পরে সেখানে তারা মূল ফটকে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে দেন। এরপর মিছিল করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। হঠাৎ এমন ঘটনায় আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাথায় হেলমেট ও মুখে মাস্ক থাকায় ওই যুবকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানারটি মুল ফটকে টাঙিয়ে দেয়। পরে তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘ছাত্রলীগের মূলনীতি শিক্ষা-শান্তি -প্রগতি’, ‘শেখ হাসিনার জন্য. বাংলাদেশ ধন্য’সহ বিভিন্ন স্লোগান দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, পুলিশ সদস্যরা বুধবার দিবাগত রাত জেগে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিয়েছে। সকালে পুলিশ সদস্যরা বিশ্রামে ছিলেন। এসময় এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। পরিচয় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























