বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় টঙ্গী থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় টঙ্গী থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
এ সময় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, কারারুদ্ধ বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনি এবং টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড গাজীপুরের সাধারণ মানুষ রুখে দেবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না। পলাতক শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করবে।
অবস্থান কর্মসূচি থেকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ


























