হাতে বল আছে প্রচুর; কিন্তু উইকেট নেই। পাকিস্তানি বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখে বলতে গেলে কোনঠাসা অবস্থা লঙ্কান ব্যাটারদের। ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ১৯৮ রানেই পড়ে গেছে ৯ উইকেট। শেষ উইকেটে আর কতটুকুই বা লড়াই করতে পারবে শ্রীলঙ্কা?
এমন একটি সম্ভাবনা ও শঙ্কার বিষয় যখন উঠে এলো, তখন অভাবনীয় দৃঢ়তায় পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়িয়ে গেলো শ্রীলঙ্কার শেষ জুটি। লাহিরু সামারাকুন এবং গারুকা সঙ্কেত মিলে অবিশ্বাস্যভাবে ২২ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে অসাধারণ এক জয় এনে দিলেন। রাইজিং স্টারস এশিয়া কাপে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা।
দোহার ইস্টএন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে পাকিস্তান।
জবাব দিতে নেমে শুরুতে কিছুটা ভালো শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তবে সবার মধ্যে কিছুটা ব্যতিক্রম ছিলেন নিশান মাধুশকা। ৯৫ বলে ৮৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। মূলত মাধুশকার ইনিংসটাই পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয় এবং চ্যাম্পিয়ন করে শ্রীলঙ্কাকে।
লাসিথ ক্রুসপুলে ২৬, সিনেথ জয়াবর্ধনে ২০, পাভান রত্নায়েকে ৩০ রান সংগ্রহ করেন। নিপুন ধনঞ্জয়া শূন্য, জানিথ লিয়ানাগে ১১, রাবিন্দু ফার্নান্দো ৩, বিজয়কান্ত বিকাশন্থ করেন ১৩ রান। শেষ দিকে লাহিরু সামারাকুন ২২ বলে ১৫ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে জয় এনে দেন। তখনও বল বাকি ছিল ৫১টি।
আলি রেজা ৩টি, সুফিয়ান মুকিম নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন হাসান নওয়াজ, মা’জ সাদাকাত এবং আহমেদ দানিয়াল।
এর আগে টস করতে নেমে ৯ উইকেটে ২১৬ রান করে পাকিস্তান। শাহজাইব খান করেন সর্বোচ্চ ৬০ রান, ৩৭ রান করেন রোহাইল নাজির, ৪০ রান করেন শামিল হুসাইন, ৩৩ রান করেন আবদুল সামাদ।
বাংলা৭১নিউজ/জেএস



























