বিমানের জ্বালানি তেল পরিবহনের সময় মাঝপথে চুরির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।
এর আগে গত ২০ নভেম্বর ‘থামছে না বিমানের জ্বালানি চুরি, পথেই হাওয়া হাজার হাজার লিটার!’ শিরোনামে ঢাকা পোস্টে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পদ্মা অয়েলের উপমহাব্যবস্থাপক (অর্থ) ও কোম্পানি সচিব আলী আবছারকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা) শফিউল আজম এবং সদস্যসচিব করা হয়েছে প্রধান কার্যালয়ের কর্মকর্তা (মানবসম্পদ) মো. সফিকুল ইসলামকে।
অফিস আদেশে বলা হয়েছে, গত ২০ নভেম্বর ঢাকা পোস্টে প্রকাশিত বিমানের জ্বালানি জেট এ-১ সম্পর্কিত সংবাদ ‘থামছে না বিমানের জ্বালানি চুরি, পথেই হাওয়া হাজার হাজার লিটার!’ এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ তথ্য সংগ্রহ, যাচাই ও পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেবে।
ঢাকা পোস্টের প্রতিবেদনে উঠে আসে, নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে ঢাকার কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে নেওয়ার পথে প্রায় সময় বিমানের জ্বালানি চুরির ঘটনা ঘটছে। এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এ বছর। জ্বালানি চুরি বন্ধে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও কঠোর নজরদারিসহ বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছিল। এরপরও ঘটছে একের পর এক চুরির ঘটনা। সম্প্রতি নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে ঢাকার কুর্মিটোলা ডিপোতে নেওয়ার পথে ১৬ হাজার ৫০০ লিটার জেট ফুয়েল অন্যত্র বিক্রির সময় একটি ট্যাংকলরি জব্দ করে গোয়েন্দা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন উপায়ে একটি চক্র এখনো নিয়মিত বিমানের জ্বালানি চুরি করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। চক্রে জড়িত আছে ট্যাংকলরি ও ডিপো-সংশ্লিষ্ট লোকজন। এ বিষয়ে এর আগেও ৭২ হাজার লিটার বিমানের তেল চুরি নিয়ে ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন তদন্ত করে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
প্রতিবেদনে ওঠে আসে, জ্বালানি পরিবহনের ক্ষেত্রে ‘টাইমিং চুরি’ নামে একটি কৌশল ব্যবহার করছে একটি চক্র। স্বাভাবিক পরিস্থিতিতে গোদনাইল থেকে কুর্মিটোলা ডিপোতে জ্বালানি পৌঁছাতে সর্বোচ্চ তিন ঘণ্টা লাগলেও কোনো কোনো ট্যাংকলরি ২১ ঘণ্টা পর্যন্ত পথে অবস্থান করছে। এ সময়ের মধ্যে জ্বালানি অন্যত্র সরিয়ে বিক্রির অভিযোগ রয়েছে। পাশাপাশি পরিবহন চালানের অনুলিপি ছিঁড়ে ফেলা এবং ডিপোর ব্রিজিং রেজিস্টারের তথ্য সাদা কালি দিয়ে মুছে ফেলার অভিযোগও ওঠে আসে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















