রিপোর্টারদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সদস্যদের পেশাগত স্বীকৃতির জন্য প্রতি বছর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আয়োজন করে সংগঠনটি। এবার ‘নগদ-ডিআরইউ’ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে ‘প্রিন্ট-অনলাইন’ ক্যাটাগরিতে ক্রীড়া বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়েরের রিপোর্ট। আজ বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
মোবাইল ফিন্যান্সশিয়াল প্রতিষ্ঠান নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে পৃষ্ঠপোষকতা করছে ২০২১ সাল থেকে। সেই বছর শতবর্ষে ঢাবি ও ক্রীড়াঙ্গন নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য প্রিন্ট অনলাইন ক্যাটাগরির ক্রীড়া বিভাগে সেরা রিপোর্টারের স্বীকৃতি পান আরাফাত জোবায়ের। ২০২৪ সালে দেশ টিভি ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বিট ভিত্তিক ছিল না। সেখানে ‘ক্রীড়াঙ্গনে ক্ষুদ্র নৃগোষ্ঠী’ শীর্ষক প্রতিবেদন অনলাইন ক্যাটাগরিতে জমা হওয়া সকল রিপোর্টের মধ্যে দ্বিতীয় হয়েছিল।
ডিআরইউতে তিনবার সেরা রিপোর্টারে পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা সাংবাদিকে ২০২১, ২০২৩, ২০২৪ ও ২০২৫ রানারআপসহ একাধিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। ক্রীড়াঙ্গনে নারীদের ক্ষমতায়ন, সমতা নিয়ে ‘১০ জেলার খেলার দায়িত্বে ৯ নারী’ প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজিত গণমাধ্যম পুরস্কার ২০২৫ সালে অনলাইন ক্যাটাগরিতে পুরস্কার পায়। একই বছর বাংলাদেশ চীন ক্রীড়া সম্পর্কের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডও পেয়েছেন।
ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংস্থা এআইপিএস। ২০২২ সালে এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ডে এশিয়া মহাদেশে ইয়ুথ রাইটিং ক্যাটাগরিতে তার ‘মহিলা ক্রীড়া সংস্থার ৫০ বছর’ রিপোর্ট প্রথম স্থান অর্জন করে। পরের বছর ‘ক্রীড়া সঙ্গীত আছে, ক্রীড়া সঙ্গীত নেই’ প্রতিবেদনটি এশিয়া মহাদেশের মধ্যে রাইটিং বেস্ট কলাম ক্যাটাগরিতে শীর্ষ দশে স্থান পায়। ‘ক্রীড়াঙ্গনে ক্ষুদ্র নৃগোষ্ঠী’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদন ২০২৫ সালের ১৩ মে মরক্কোর রাবাতে এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ডের দিন ‘প্রমোটিং ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ হিসেবে প্রদর্শিত হয়ে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করে। টানা তিনবার এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ডের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দেশের ক্রীড়া সাংবাদিকতার গৌরবময় ঘটনাও।
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াবস্থাতেই ক্রীড়াপ্রেমের শুরু। খেলা ও লেখার যোগসূত্র শুরু ঢাকা সিটি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগত, ক্রীড়ালোক দিয়ে। বিভিন্ন জাতীয় দৈনিকে ফিচার পাতায়ও লিখেছেন অনেক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ক্রীড়া লেখক থেকে ক্রীড়া সাংবাদিকে রুপান্তর। দেশের সবচেয়ে প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদে ক্রীড়া প্রতিবেদক হিসেবে ৯ বছর কাটিয়ে ২০২০ সালের ডিসেম্বরে শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে সিনিয়র স্পোর্টস রিপোর্টার হিসেবে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদকের ভূমিকাতেও রয়েছেন।
প্রায় দেড় যুগের ক্রীড়া সাংবাদিকতা ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ ফুটবল, একটি যুব ফুটবল বিশ্বকাপ, একটি অলিম্পিক গেমস, তিনটি এশিয়ান গেমস, ইসলামিক সলিডারিটি গেমস, তিনটি এসএ গেমস, এশিয়ান কাপ বাছাই, নারী এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ দেশে-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ক্রীড়া আসর কাভার করেছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ
























