যথাযথ পরিচর্যা, প্রশিক্ষণ ও উৎসাহ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা পরিবার কিংবা সমাজের বোঝা নয়, বরং তাদের সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আয়োজিত এক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি শিশুর মধ্যেই নিজস্ব প্রতিভা ও সম্ভাবনা রয়েছে। কোনো একটি ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও অন্য ক্ষেত্রে তাদের অসাধারণ মেধা ও দক্ষতা থাকতে পারে। সেই প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কোন শিশু কোন খেলায় পারদর্শী, তা চিহ্নিত করা সম্ভব। তাদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জনের সুযোগ তৈরি হবে।
বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের উদাহরণ দিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা মেধা ও সৃজনশীলতার বিকাশে চূড়ান্ত বাধা নয়। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও স্টিফেন হকিং বিজ্ঞানচর্চায় অসামান্য অবদান রেখেছেন। তার লেখা ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ বিশ্বজুড়ে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, শুধু দৈনন্দিন চাহিদা পূরণ করলেই দায়িত্ব শেষ হয় না। শিশুরা কোন বিষয়ে আগ্রহী, কোন কাজে দক্ষ এবং কোন ক্ষেত্রে ভালো করতে পারে, তা খুঁজে বের করতে হবে। অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে তাদের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী এগিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, সবাইকে চিকিৎসক, প্রকৌশলী কিংবা ম্যাজিস্ট্রেট হতে হবে, এমন নয়। প্রত্যেকে নিজের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করলে নিজ নিজ ক্ষেত্রে সফল হতে পারে। খেলাধুলার মাধ্যমেও বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা বাড়ানো সম্ভব।
জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা কেবল বিনোদনের আয়োজন নয়। এর মাধ্যমে তাদের দক্ষতা, আগ্রহ ও সম্ভাবনা চিহ্নিত করার সুযোগ তৈরি হয়। সেই সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রতিটি শিশুই সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা নিজেদের মেধা ও যোগ্যতায় নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে—এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিল।
বাংলা৭১নিউজ/আরএইচ

























