গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ পরিশোধে বিলম্বের কারণে সৃষ্ট সুদ, তহবিলের আয় এবং অন্যান্য আইনগত পাওনা নিষ্পত্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। একই সঙ্গে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি পাওনা আদায়ের দাবিতে আন্দোলনের ঘটনায় করা মামলার অভিযোগপত্রকে (চার্জশিট) একপেশে আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২৩ নভেম্বর) ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
সংগঠনটির আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েবের সই করা বিবৃতিতে বলা হয়, গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের শ্রমিক অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) ও শ্রমিক কল্যাণ তহবিলের (ডব্লিউডব্লিউএফ) অর্থ পরিশোধে বিলম্বের কারণে সৃষ্ট সুদ, তহবিলের বিনিয়োগ থেকে আয় এবং আইন অনুযায়ী প্রাপ্য অন্যান্য অর্থের ন্যায়সংগত নিষ্পত্তি চান সাবেক কর্মীরা। মূল অর্থের কোনো অংশ পরিশোধ বা বিতরণ করা হয়ে থাকলেও বিলম্বের কারণে সৃষ্ট অতিরিক্ত পাওনার বিষয়টি আলাদাভাবে নিষ্পত্তি করতে হবে।
এ জন্য অর্থ পরিশোধের সময়, ট্রাস্টি বোর্ডের হিসাব, বিনিয়োগ থেকে আয়, সংশ্লিষ্ট অঙ্গীকারনামা ও আদালতের আদেশ নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ও ২৪০ ধারাসহ প্রযোজ্য আইন ও আদালতের নির্দেশনার ভিত্তিতে পাওনা নির্ধারণের কথা বলেছেন সাবেক কর্মীরা।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনেও পাওনার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় সাবেক কর্মী ও তাদের পরিবার আর্থিক, সামাজিক ও মানসিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ঐক্য পরিষদের সংগৃহীত তথ্য অনুযায়ী, এরই মধ্যে সাতজন সাবেক কর্মী মারা গেছেন। তাদের বৈধ উত্তরাধিকারীদের পাওনার বিষয়টিও নিষ্পত্তি করা প্রয়োজন।
সংগঠনটির দাবি, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, আবেদন ও স্মারকলিপির মাধ্যমে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু সমাধানের উদ্যোগ না নিয়ে দাবিকে অযৌক্তিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং আন্দোলনকারীদের হয়রানি করা হচ্ছে।
২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির ঘটনা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, সেদিন গ্রামীণফোন হাউসের সামনে পাওনা আদায়ের দাবিতে শান্তিপূর্ণভাবে সমবেত হয়েছিলেন সাবেক কর্মীরা। তাদের দাবি, আন্দোলনকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না। তবে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১১ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে তিনজন নারী ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হৃদ্রোগীও ছিলেন।
পরবর্তী সময়ে ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। সংগঠনটির দাবি, তাদের মধ্যে অনেকেই সেদিন ঘটনাস্থলে ছিলেন না। কেউ কেউ ঢাকার বাইরেও ছিলেন। এ বিষয়ে ভিডিও ফুটেজ, সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তারা।
মামলার অভিযোগপত্রে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে জোর করে গ্রামীণফোন হাউসে প্রবেশ, ফটক বন্ধ করে দেওয়া এবং প্রায় এক হাজার কর্মীকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত অবরুদ্ধ রাখার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া দাঙ্গা, হুমকি ও অসদাচরণের অভিযোগও রয়েছে।
ঐক্য পরিষদের দাবি, এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট ও স্বাধীন প্রমাণ রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। কারা ভবনে প্রবেশ করেছিলেন, কারা ফটক বন্ধ করেছিলেন এবং কোন কর্মীকে কারা অবরুদ্ধ রেখেছিলেন, তা ভিডিও ফুটেজ ও সাক্ষ্যের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পুলিশের লাঠিপেটা ও জলকামান ব্যবহারের ঘটনাও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, ২০১২ থেকে ২০২৪ সালের কর্মীদের পদত্যাগের ইতিহাস তুলে ধরে ২০২৫ সালের কোনো অপরাধ প্রমাণ করা যায় না। অভিযোগপত্রে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩৪১, ৪৪৭, ৫০৬ ও ৩৪ ধারার উল্লেখ থাকলেও প্রত্যেক আসামির বিরুদ্ধে পৃথক ও বিশ্বাসযোগ্য প্রমাণ থাকতে হবে। তারা তদন্ত বন্ধের দাবি করছেন না; বরং নিরপেক্ষ তদন্ত ও ন্যায়সংগত বিচার চান।
পাওনা নিষ্পত্তির জন্য সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন ও স্মারকলিপি দেওয়ার কথাও উল্লেখ করেছে ঐক্য পরিষদ। সংগঠনটির ভাষ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে।
গত ৪ নভেম্বর শ্রম অধিদপ্তর ও ডিআইএফইর কাছে দেওয়া স্মারকলিপিতে ত্রিপক্ষীয় বৈঠক, নথি যাচাই, স্বাধীনভাবে হিসাব নির্ধারণ এবং সময়সীমা উল্লেখ করে অগ্রগতি জানানোর দাবি জানানো হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর বিটিআরসির একটি চিঠিতে আদালতের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি অথবা উভয় পক্ষের সম্মতি ও প্রয়োজনীয় আদালতের অনুমতি সাপেক্ষে সালিস বা বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ বিবেচনার কথা বলা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ১৭ ডিসেম্বর শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনার বিষয়েও সংবাদ প্রকাশিত হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে এসব উদ্যোগের পরও কার্যকর ও সময়বদ্ধ সমাধান না পাওয়ায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতা নিয়ে হতাশা প্রকাশ করেছে সংগঠনটি।
বিবৃতিতে সাত দফা দাবি তুলে ধরে ঐক্য পরিষদ। দাবিগুলোর মধ্যে রয়েছে—২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির সব সিসিটিভি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে স্বাধীন তদন্ত, পুলিশের লাঠিপেটা ও জলকামান ব্যবহারের ঘটনা এবং ১১ জনকে গ্রেপ্তারের বিষয়টি তদন্ত করা, প্রায় এক হাজার কর্মীকে অবরুদ্ধ রাখার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ যাচাই এবং ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ পৃথকভাবে মূল্যায়ন করা।
এ ছাড়া ডব্লিউপিপিএফ ও ডব্লিউডব্লিউএফের মূল অর্থ, পরিশোধে বিলম্ব, সুদ, তহবিলের আয়, অঙ্গীকারনামা ও ট্রাস্টি বোর্ডের হিসাব স্বাধীন নিরীক্ষার মাধ্যমে যাচাই করে প্রকৃত পাওনা নির্ধারণের দাবি জানানো হয়েছে। শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, ডিআইএফই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে গ্রামীণফোন, ট্রাস্টি বোর্ড ও ঐক্য পরিষদের প্রতিনিধিদের নিয়ে সময়বদ্ধ ত্রিপক্ষীয় আলোচনা এবং লিখিত অগ্রগতি প্রতিবেদন প্রকাশের দাবিও রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























