ইতালির পর এবার ইমেইলের মাধ্যম জার্মানির প্রায় ৪৫০ টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এতে তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন দেশের স্কুলগুলোতে এ ধরনের ভুয়া হুমকির ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী বার্লিনসহ বাডেন-ভুর্টেমব্যার্গ, থুরিনগিয়া, স্যাক্সোনি-আনহাল্ট এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের স্কুলগুলোতে এই হুমকি পাওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, কেবল দক্ষিণ-পশ্চিমের অঙ্গরাজ্য বাডেন-ভুর্টেমব্যার্গেই ৪৫০টিরও বেশি স্কুলে এই হুমকি পাঠানো হয়েছে।
বার্লিন পুলিশ জানিয়েছে, যেসব স্কুলে ইমেইল পাঠানো হয়েছে বা অন্য কোনো স্কুলের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বিপদ বা হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।
পশ্চিমের অঙ্গরাজ্য রাইনল্যান্ড-প্যালাটিনেটের পুলিশ জানিয়েছে, প্রায় একই ধরনের ইমেইলগুলোতে অজ্ঞাত ব্যক্তিরা দাবি করেছে, তারা স্কুলের ভবনগুলোতে বিস্ফোরক রেখেছে এবং সেগুলো বিস্ফোরণের হুমকি দিয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। ট্যাবলয়েড পত্রিকা ‘বিল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, ইমেইলগুলোর বিষয়বস্তু ছিল, মৃত্যু তোমাদের জন্য অপেক্ষা করছে। পুলিশের ভাষ্যমতে, স্কুলগুলোতে পাঠানো প্রতিটি ইমেইলের ভাষা ছিল একই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, স্কুলগুলোকে খালি করার কোনো পরামর্শ দেওয়া হয়নি, কারণ এই ঘটনাটি ‘বর্তমান সামগ্রিক হুমকির পরিস্থিতির’ মধ্যেই পড়ে। বার্লিনে সাংবাদিকদের তিনি বলেন, আমার মনে হয়, স্কুলগুলো এবং বিভিন্ন অঙ্গরাজ্যের নিরাপত্তা কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত রয়েছে এবং তারা পরিস্থিতির সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম। তবে এই ঘটনার পেছনে কারা থাকতে পারে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি, ব্রিটেন, হাঙ্গেরি এবং সার্বিয়ার স্কুলগুলোতেও ভুয়া বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এর আগে ইউরোপজুড়ে বিভিন্ন ফ্লাইটেও ভুয়া বোমা হামলার সতর্কতা জারি করা হয়েছিল। এছাড়া ইউরোপের কয়েকটি দেশে সুপারমার্কেটের রেফ্রিজারেশন সিস্টেমে সাইবার হামলার ঘটনাও ঘটেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























