লিভার ও কিডনি প্রতিস্থাপন, জটিল হৃদরোগ ও স্ট্রোকের চিকিৎসাসহ আন্তর্জাতিক মানের বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল। তবে হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা ৩৩ পয়সা বিশেষ বরাদ্দ চেয়েছে কর্তৃপক্ষ।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে বরাদ্দের আবেদন হস্তান্তর করেন হাসপাতালটির চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনা, নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), হৃদরোগীদের নিবিড় পরিচর্যাকেন্দ্র (সিসিইউ), নবজাতকের নিবিড় পরিচর্যাকেন্দ্র (এনআইসিইউ) এবং শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্র (পিআইসিইউ) চালুসহ অবকাঠামোগত উন্নয়নে এই অর্থ প্রয়োজন।
হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে লিভার প্রতিস্থাপন, কিডনি প্রতিস্থাপন, আধুনিক হৃদরোগ ও স্ট্রোক চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা, বন্ধ্যাত্ব চিকিৎসা এবং বিশেষায়িত নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জটিল রোগীদের জরুরি চিকিৎসার ব্যবস্থাও গড়ে তোলা হবে।
বরাদ্দের আবেদনে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার পাশাপাশি লিভার প্রতিস্থাপন ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়েটিক সেন্টার, কিডনি প্রতিস্থাপন ও কিডনি রোগ কেন্দ্র, হৃদরোগ ও স্ট্রোক কেন্দ্র, ক্যান্সার কেন্দ্র এবং রেডিওলজি ও ইমেজিং সেন্টার চালুর জন্য অর্থ চাওয়া হয়েছে।
এ ছাড়া আধুনিক অস্ত্রোপচারকক্ষ, পরীক্ষাগার, লাইফ সাপোর্ট ও ভেন্টিলেটর, চিকিৎসা সরঞ্জাম, হাসপাতালের শয্যা এবং অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।
অবকাঠামোগত উন্নয়নের মধ্যে রয়েছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা, চিলার ও মেডিক্যাল গ্যাস প্ল্যান্ট স্থাপন, বিদ্যুৎ উপকেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা, কেবিন ও ওয়ার্ড সংস্কার, বহির্বিভাগ ও রোগীদের অপেক্ষাকক্ষ আধুনিকায়ন এবং হাসপাতালের অন্যান্য স্থাপনা সংস্কার।
আবেদনে বলা হয়েছে, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমিত পরিসরে নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে।
গত ১ অক্টোবর থেকে এটি বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কম্পানিতে নিবন্ধিত হয়েছে। হাসপাতালটির জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, পরামর্শক ও অন্যান্য জনবল নিয়োগের কার্যক্রমও চলছে। এ জন্য জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
বরাদ্দের আবেদন গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিশেষ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস দেন। একই সঙ্গে হাসপাতালটির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।
এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ সংশিস্নষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ
























