দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোরে বসরা শহরের উত্তরে অবস্থিত আল-হারথা তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে। ইরাকের নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, সিভিল ডিফেন্স ডিরেক্টরেট হারথা বিদ্যুৎকেন্দ্র এবং এর পার্শ্ববর্তী বাড়িঘরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের পর এর কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।অনলাইনে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ফুটেজে ধোঁয়ার কুণ্ডলী এবং পুড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। এছাড়া জরুরি উদ্ধার তৎপরতা দেখার জন্য সেখানে মানুষের ভিড়ও চোখে পড়েছে। তবে আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কেউ পুড়ে গেছেন, আবার কেউ ধোঁয়ার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘ সময় ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কয়েক দশক ধরে অপর্যাপ্ত বিনিয়োগ, রক্ষণাবেক্ষণের অভাব এবং চাহিদার শীর্ষে থাকা সময়ে বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যর্থ হওয়া।
এর আগেও বিভিন্ন সাবস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, আল-হারথা বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৮০০ মেগাওয়াট। তবে শনিবার অগ্নিকাণ্ডের আগে কেন্দ্রটি থেকে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। এই ঘটনার ফলে বিদ্যুৎকেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/আরএইচ


























