সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও বৈঠকে যোগ দিতে দিল্লি সফর করছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদিক মালিক। ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির যোগদানের পর এটিই কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর।
২০২৫ সালের মে মাসে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক পাল্টা জবাব ‘অপারেশন সিঁদুর’-এর পর কোনো দুই দেশের কূটনৈাতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। এই অবস্থায় পাকিস্তানি কোনো মন্ত্রী ভারতে আসলে বিতর্ক হবে না, তা হতেই পারে না।
এসসিও বৈঠকে পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় ভারতের বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে। তারা প্রশ্ন তুলেছে, পেহেলগাম ঘটনার পর থেকে এমন কী পরিবর্তন হয়েছে যে প্রতিবেশী দেশটির প্রতি নীতিতে পরিবর্তন আনতে হলো।
এছাড়া, পাকিস্তানের সাথে ভারতের ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করা নিয়ে মুসাদিক মালিকের আক্রমণাত্মক মন্তব্যের বিষয়টিও সামনে এনেছে বিরোধী দল।
জানা গেছে যে, ভারত সফরে এসে পাকিস্তানি মন্ত্রী আগ্রার তাজমহল এবং রাজধানীর নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। কিন্তু ভারত সরকার এসসিও বৈঠকের বাইরে অন্য কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি নাকচ করে দিয়েছে। সূত্র জানিয়েছে, পাকিস্তানি মন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই সফরে তিনি কেবল এসসিও অনুষ্ঠানেই যোগ দিতে পারবেন এবং অন্য কোনো স্থানে যেতে পারবেন না।
২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানীতে ঐতিহাসিক পুরানা কেল্লায় প্রথমবারের মতো সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ‘সভ্যতাগত সংলাপ ফোরাম’ অনুষ্ঠিত হচ্ছে।
ভারত গত ২৮ অক্টোবর ঘোষণা করেছিল যে, প্রচলিত রীতি মেনেই পাকিস্তানসহ এসসিও-র সকল সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরবর্তীতে পাকিস্তান সরকার মুসাদিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্পরিক শ্রদ্ধাবোধের চেতনায় এসসিও কাঠামোর মধ্যে সভ্যতাগুলোর মধ্যে সংলাপ প্রসার এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
২০০১ সালে সাংহাইয়ে এক শীর্ষ সম্মেলনে রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টদের হাতে এসসিও প্রতিষ্ঠিত হয়।
ভারত ও পাকিস্তান ২০১৭ সালে এর স্থায়ী সদস্যপদ লাভ করে। ২০২৩ সালে ইরান এর সদস্য হয়।
২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিও ‘কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট’-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নিয়েছিলেন।
এছাড়া, পরবর্তী এসসিও ‘কাউন্সিল অফ হেডস অফ স্টেট’-এর প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে ভারত গত মাসে তাদের এসসিও জাতীয় সমন্বয়ক অলোক ডিমরিকে ইসলামাবাদে পাঠিয়েছিল।
বাংলা৭১নিউজ/আরএইচ


























