ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা অংশ নেন।
সভায় শিক্ষকদের বিভিন্ন প্রস্তাব ও বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী বলেন, শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বাড়ানো হবে। শিক্ষকেরা যাতে তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা পান, সে জন্য উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং প্রতিষ্ঠানভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে নেওয়া সব উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে তারা আনন্দের সঙ্গে অংশ নিতে পারে।
শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে জুনায়েদ সাকী বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা থাকতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এর আগে উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকেরা বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বিদ্যালয়ের কার্যক্রম আরও কার্যকর করতে তারা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাসের সময়সূচি নির্ধারণের প্রস্তাব দেন। পাশাপাশি মধ্যাহ্ন বিরতি বাতিল করে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর দাবি জানান। তাদের মতে, মিড-ডে মিল চালু হলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হারও বাড়বে।
শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষকেরা বলেন, বর্তমান অনুপাত পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি যথাযথ মনোযোগ দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এ ছাড়া শিক্ষার্থীদের শিখন অগ্রগতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন নির্ধারণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস পরিচালনায় অর্থ বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন শিক্ষকেরা। পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং আধুনিক ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের দাবিও জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম পিএসসি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক শামীম শিবলীসহ অন্যান্য অতিথি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















