আকাশজুড়ে মেঘ, জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, চারপাশে কেমন এক নীরবতা। এমন দিনে কারো ইচ্ছে করে এক কাপ চা হাতে জানালার পাশে বসে থাকতে, কেউ আবার ডুবে যান পুরনো স্মৃতিতে।
কোনো কারণ ছাড়াই মনটা কেমন উদাস হয়ে আসে। আনন্দের বৃষ্টিও কখনো কখনো মনে জাগায় বিষণ্নতা। কিন্তু বৃষ্টির সঙ্গে মনের এমন অদ্ভুত সম্পর্ক কেন?
মেঘলা আকাশের প্রভাব
বৃষ্টির দিনে সূর্যের আলো অনেকটাই আড়ালে থাকে। দিনের আলো মানুষের ঘুম, জাগরণ ও মেজাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলো কম পেলে কারো কারো মধ্যে ক্লান্তি, ঝিমুনি কিংবা মনমরা ভাব দেখা দিতে পারে। বিশেষ করে টানা কয়েক দিন মেঘলা আবহাওয়া থাকলে এমন অনুভূতি আরো বেশি হতে পারে।
বৃষ্টির শব্দে জেগে ওঠে স্মৃতি
বৃষ্টির টুপটাপ শব্দের সঙ্গে অনেকের জীবনের নানা স্মৃতি জড়িয়ে থাকে। শৈশবে স্কুল ছুটির আনন্দ, কাগজের নৌকা ভাসানো, বৃষ্টিতে ভেজা বিকেল কিংবা প্রিয় কারো সঙ্গে কাটানো মুহূর্ত—সবই মনে পড়ে যেতে পারে।
বৃষ্টির পরিচিত শব্দ ও পরিবেশ অতীতের সেই অনুভূতিগুলোকে নতুন করে সামনে নিয়ে আসে।
নীরবতা বাড়িয়ে দেয় ভাবনা
বৃষ্টির দিনে অনেক সময় বাইরের ব্যস্ততা কমে যায়। বাইরে যাওয়ার পরিকল্পনা বাতিল হয়, কমে আসে মানুষের চলাচল। চারপাশের এই নীরবতায় নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়। তখন ব্যস্ততার মধ্যে চাপা পড়ে থাকা ভাবনা, স্মৃতি কিংবা অপূর্ণতার অনুভূতিগুলো বেশি করে মনে আসতে পারে।
বৃষ্টি ও বিষণ্নতার সাংস্কৃতিক সম্পর্ক
গান, কবিতা, গল্প ও সিনেমায় বৃষ্টিকে প্রায়ই প্রেম, বিরহ, অপেক্ষা কিংবা একাকিত্বের সঙ্গে মিলিয়ে দেখা হয়। ছোটবেলা থেকে এমন উপস্থাপনা দেখতে দেখতে বৃষ্টির সঙ্গে একধরনের আবেগ তৈরি হতে পারে। তাই মেঘলা দিনে প্রিয় কোনো গান শুনলে কিংবা পুরোনো কোনো দৃশ্য মনে পড়লে মন আরো স্মৃতিকাতর হয়ে ওঠে।
বদলে যায় প্রতিদিনের ছন্দ
বৃষ্টির কারণে হাঁটাচলা, বাইরে ঘোরাঘুরি কিংবা দৈনন্দিন কাজের রুটিনে পরিবর্তন আসে। ঘরে বসে থাকার সময় বেড়ে যায়, কমে যেতে পারে শারীরিক কর্মকাণ্ড। এসব পরিবর্তনও কারো কারো মেজাজে প্রভাব ফেলতে পারে।
উদাস মন ভালো করবেন যেভাবে
বৃষ্টির দিনে মন খারাপ বা উদাস লাগলে নিজের জন্য একটু সময় রাখা যেতে পারে। পছন্দের কোনো বই নিয়ে বসা, এক কাপ গরম চা কিংবা কফিতে চুমুক দেওয়া, প্রিয় গান শোনা—ছোট ছোট এসব অভ্যাস মন ভালো করতে সাহায্য করতে পারে। চাইলে জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করতে পারেন। পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে গল্প করাও কাটিয়ে দিতে পারে একঘেয়েমি।
বৃষ্টিতে ভিজতে ভালো লাগলে আবহাওয়া ও পরিস্থিতি নিরাপদ কি না, তা বিবেচনা করা জরুরি। ভিজে গেলে দ্রুত শুকনো পোশাক পরে নেওয়া এবং শরীর আরামদায়ক উষ্ণতায় রাখা ভালো। বৃষ্টির দিনে ঠান্ডা লাগলে বা অস্বস্তি হলে উষ্ণ পানীয় কিংবা এক বাটি গরম স্যুপ খেতে পারেন। আরামদায়ক গোসলও শরীরকে সতেজ অনুভব করাতে পারে। তবে সর্দি-কাশি বা জ্বর থাকলে বৃষ্টিতে ভেজা এড়িয়ে চলাই ভালো।
তবে বৃষ্টি মানেই বিষণ্নতা নয়
তবে বৃষ্টি সবার মনে একই অনুভূতি তৈরি করে না। কারো কাছে বৃষ্টি মানে প্রশান্তি, কারো কাছে রোমাঞ্চ, আবার কারো কাছে পুরনো দিনের স্মৃতি। ব্যক্তিগত অভিজ্ঞতা, পরিবেশ ও মানসিক অবস্থার ওপর নির্ভর করে বৃষ্টির দিনে মানুষের অনুভূতিও বদলে যায়।
বৃষ্টির দিনে মন উদাস লাগা অস্বাভাবিক নয়। তবে মন খারাপ যদি দীর্ঘস্থায়ী হয় কিংবা ঘুম, কাজ ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।
হয়তো বৃষ্টি সব সময় মন খারাপের কারণ নয়। কখনো কখনো চারপাশের কোলাহল থেমে গেলে নিজের মনের কথাগুলোই একটু বেশি শোনা যায়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























