কখনো অতিরিক্ত উচ্ছ্বাস, আবার কখনো চরম বিষণ্ণতা―এমন বিপরীতমুখী মানসিক পরিবর্তনশীল মানুষ আমাদের আশপাশেই রয়েছে। যা কেউ হয়তো খেয়াল করেছেন, আবার কেউ কেউ বুঝতে পারেন না। তবে চিকিৎসকদের ভাষায় একে বলা হয় ‘বাইপোলার ডিসঅর্ডার’। ডায়াবেটিসের মতো এটিও একটি দীর্ঘমেয়াদী রোগ, যা সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণে রাখা যায়।
বাইপোলার শব্দের অর্থ দুই মেরু। এর এক প্রান্তে থাকে অতিরিক্ত উচ্ছ্বাস বা ‘ম্যানিয়া এপিসোড’। এ ক্ষেত্রে রোগী অনেক বেশি কথা বলেন এবং অতি আনন্দে থাকেন। আর অন্য প্রান্তে থাকে গভীর বিষণ্ণতা বা ‘ডিপ্রেশন এপিসোড’, যেখানে রোগী হতাশায় ভোগেন। এমনকি কারও কারও মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা দেয়।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত তরুণ বয়সে এই রোগের প্রকাশ ঘটে। জিনগত বা বংশগত কারণ, মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা এবং মানসিক রোগের ভুল চিকিৎসার কারণেও এ ধরনের সমস্যা হতে পারে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে গবেষণায় অংশ নেয়া প্রতি হাজারে চারজন মানুষ এই বাইপোলার মুড ডিসঅর্ডারে ভুগছেন।
এ রোগের করণীয় সম্পর্কে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে কারো মধ্যে যদি এমন অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তাহলে দেরি না করে মানসিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডায়াবেটিসের মতোই নিয়মিত ওষুধ এবং পরিবারের সঠিক যত্নে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এছাড়া পরিবারে বা চেনা মহলে কারও মধ্যে যদি এমন লক্ষণ দেখা যায়, তাহলে তার সঙ্গে তর্কে না জড়িয়ে কিংবা জোরাজুরি না করে, ধৈর্য ধরে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। আর সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিলেই সুস্থ থাকা সম্ভব।
বাংলা৭১নিউজ/জেএস



























