ফুটবল মাঠে উত্তেজনা, তর্ক কিংবা বাগ্বিতণ্ডা নতুন কিছু নয়। তবে সেই উত্তেজনা যখন সহিংসতায় রূপ নেয়, তখন তার পরিণতি হতে পারে ভয়াবহ।
ইকুয়েডরের তৃতীয় বিভাগের এক ম্যাচে তেমনই কাণ্ড ঘটিয়েছেন ফুটবলার জন পারলাজা।
সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারায় ৮ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন পারলাজা। শুধু তাই নয়, এই শাস্তি বিশ্বব্যাপী কার্যকর করতে ফিফার কাছেও আবেদন জানাবে দেশটির ফুটবল ফেডারেশন।
গত ১৭ অক্টোবর ক্লাব সিউদাদ দে ইয়ানৎসা ও ক্লাব রিও আগুয়ারিকোর মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা।
ম্যাচের ৯৬তম মিনিটে ডাগআউট থেকে সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওহেদা নুনেজকে লক্ষ্য করে পাথর ছোড়েন পারলাজা। সেটি সরাসরি আঘাত হানে রেফারির শরীরে। গুরুতর আহত হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতেও বাধ্য হয় কর্তৃপক্ষ।
বুধবার এক বিবৃতিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) জানায়, ওই ঘটনায় গুরুতর আহত হন সহকারী রেফারি।
এমনকি অস্ত্রোপচারেরও প্রয়োজন হয় তাঁর। সুস্থ হয়ে উঠতে চিকিৎসকেরা তাকে ৬০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক হামলার জন্য দায়ী করেছে পারলাজাকে। তাকে ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ইয়ানৎসাকে ২ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
হত রেফারির চিকিৎসার খরচ বাবদ আরো ৪ হাজার ৩৬৯ ডলার ৭৩ সেন্ট দিতে হবে ক্লাবটিকে।
ঘটনার পর ২০ অক্টোবর এক বিবৃতিতে ক্ষমা চেয়েছিল ইয়ানৎসা। একই সঙ্গে পারলাজাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের কথাও জানিয়েছিল ক্লাবটি। তবে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারল না ইকুয়েডরের ক্লাবটি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























