‘শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার আর আমি নই, দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির বিষয়টি জানত পুরো দলই।’ ২০১৮ সালের সেই আলোচিত স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন ক্যামেরন ব্যানক্রফট।
এত দিন অনেক কিছু গোপন রাখলেও এবার সত্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। ব্যানক্রফটের দাবি, বলের অবস্থা নিয়ে নিয়মিত কথা হতো বোলারদের সঙ্গে। এমনকি দলের কোচিং স্টাফের সামনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।
গতকাল (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানে’ প্রকাশিত এক লেখায় ব্যানক্রফট জানান, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তের সময় তিনি পুরো সত্য বলেননি।
অন্যদের জড়ানো এড়াতেই বল বিকৃতি শুরুর সময়, কত দিন তা চলেছিল এবং দলের অন্যদের সম্পৃক্ততার বিষয়গুলো গোপন করেছিলেন।
তবে গত সপ্তাহে প্যাট কামিন্সের বক্তব্য ব্যানক্রফটকে ক্ষুব্ধ করেছে। সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক দাবি করেন, কেপটাউনে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি বা দলের অন্য বোলাররা কিছুই জানতেন না।
কামিন্সের সেই বক্তব্যের বিপরীতেই ব্যানক্রফট লিখেছেন, ‘এতে আমি ক্ষুব্ধ, প্রতারিত ও একা বোধ করেছি।
দক্ষিণ আফ্রিকা সফরে আমি যা দেখেছি, অনুভব করেছি এবং যার মধ্য দিয়ে গেছি, কামিন্সের সংবাদ সম্মেলনের বক্তব্য তার সঙ্গে মেলে না।’
তদন্তের সময় সত্য না জানানোয় নিজের ক্যারিয়ারের ক্ষতি হয়েছে জানিয়ে ব্যানক্রফট বলেছেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ২০১৯ সালে জাস্টিন ল্যাঙ্গার কোচ থাকার পর থেকে দেশের হয়ে আর খেলতে পারিনি। তবে অসম্পূর্ণ একটি সত্যকে আড়াল করে রাখা এখন সত্য বলার চেয়ে বেশি ক্ষতিকর মনে হচ্ছে।’
ব্যানক্রফটের দাবি, বলের রিভার্স সুইং নিয়ে নিয়মিত কথা হতো কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের সঙ্গে।
প্রধান কোচ ড্যারেন লেম্যান ও বোলিং কোচ ডেভিড সাকারের উপস্থিতিতেও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।
ওয়ার্নারই প্রথম স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন বলে জানান ব্যানক্রফট। তবে ক্যামেরার নজরে থাকার কারণে নিজে তা করতে চাননি ওয়ার্নার। শেষ পর্যন্ত কেপটাউন টেস্টে বল বিকৃতির সময় ধরা পড়েন ব্যানক্রফট। তাকে ৯ মাস নিষিদ্ধ করা হয়। বিপরীতে স্মিথ ও ওয়ার্নার পান ১২ মাসের নিষেধাজ্ঞা।
ব্যানক্রফটের বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটি বলেছে, ২০১৮ সালের ঘটনা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনার জন্য গঠিত ফোরামের কার্যক্রম শিগগিরই শুরু হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























