ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢুকে ২০-২৫ মিনিট ঘুরে বেড়াল চীনের একটি যুদ্ধবিমান। গত ১২ নভেম্বর ভারতের সিকিম অঞ্চলে ঘটেছে স্পর্শকাতর এই ঘটনা।
বর্তমান যুগে কয়েক সেকেন্ডের জন্য আকাশসীমা লঙ্ঘনও যেখানে অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হয়, সেখানে চীনা যুদ্ধ কীভাবে ভারতের আকাশসীমায় প্রায় আধা ঘণ্টা ধরে নির্বিঘ্নে ঘুরে বেড়াল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে খোদ ভারতীয় মহলেই। বিশেষ করে, শিলিগুড়ি করিডোরের কাছে এমন একটি স্পর্শকাতর স্থানে আকাশসীমা লঙ্ঘন ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে শনিবার (১৪ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া। এ বিষয়ে জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যমটি। তবে তাতে সাড়া পাওয়া যায়নি।
সূত্র জানায়, গত ১২ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চীনা যুদ্ধবিমানটির গতিবিধি শনাক্ত করে এবং সেটিকে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা পাঠায়। তবে ভারতীয় বিমানবাহিনীর বার্তাকে পাত্তা না দিয়ে চীনা যুদ্ধবিমানটি ওই এলাকার ওপর চক্কর দিতে থাকে।
যুদ্ধবিমানটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় শনাক্ত করা হয়েছিল। এটি কী ধরনের আকাশযান ছিল, এর সুনির্দিষ্ট উড্ডয়ন পথ এবং ঠিক কখন এটি ভারতীয় ভূখণ্ড ত্যাগ করেছিল—এসব তথ্য এখনো জানা যায়নি।
সূত্র: আউটলুক ইন্ডিয়া
বাংলা৭১নিউজ/এইচআর




























