নামাজে সুরা ফাতিহা পাঠের পর আমিন বলা সুন্নত। এ বিষয়ে মুসলিম উম্মাহর আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই। তবে আমিন অনুচ্চস্বরে বলা হবে নাকি উচ্চস্বরে এ নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, মুহাদ্দিসীন ও ফকীহদের মধ্যে একাধিক মত ও আমল পাওয়া যায়। এ মতপার্থক্য মূলত আমিন বলার পদ্ধতি ও আওয়াজের মাত্রা নিয়ে।
উভয় পক্ষই নিজেদের মতের পক্ষে হাদিস, সাহাবায়ে কেরামের আছার এবং ফকীহদের বক্তব্য পেশ করেছেন। তাই বিষয়টিকে একপক্ষের দলীল উপস্থাপন করে অন্যপক্ষকে অস্বীকার করার পরিবর্তে উভয় দৃষ্টিভঙ্গির দলীল ও যুক্তিগুলো জানা প্রয়োজন।
আস্তে আমিন বলার পক্ষে দলীল ও যুক্তি
যারা আস্তে আমিন বলেন, তাদের দলীল ও যুক্তি বক্তব্য হলো, আমিন মূলত একটি দোয়া। আর দোয়ার ক্ষেত্রে পবিত্র কোরআনে বিনয় ও নীরবতার নির্দেশনা এসেছে।
প্রথম দলীল: আমিন একটি দোয়া
প্রখ্যাত তাবেয়ী আতা ইবনে আবি রাবাহ (রহ.) বলেন, আমিন একটি দোয়া। এ বক্তব্য ইমাম বুখারী (রহ.) তার সহিহ বুখারিতে উল্লেখ করেছেন। আরবি ভাষার নির্ভরযোগ্য গ্রন্থ মাজমাউল বিহারে আমিনের অর্থ সম্পর্কে বলা হয়েছে, হে আল্লাহ! আমার দোয়া কবুল করুন অথবা এমনটিই হোক।
যেহেতু আমিন একটি দোয়া, তাই অনুচ্চস্বরে দোয়া করার পক্ষে তারা কোরআনের নিম্নোক্ত আয়াতগুলো পেশ করেন।
আল্লাহ তায়ালা বলেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে ও গোপনে। (সুরা আরাফ, আয়াত: ৫৫)
অন্য আয়াতে হজরত যাকারিয়া (সা.)-এর দোয়া সম্পর্কে ইরশাদ হয়েছে, যখন তিনি তার প্রতিপালককে গোপনে অনুচ্চস্বরে ডাকলেন। (সুরা মারইয়াম, আয়াত: ৩)
এ আয়াতগুলো থেকে তারা দোয়ার ক্ষেত্রে অনুচ্চস্বরে বলার মূলনীতি গ্রহণ করেন এবং আমিনকেও সেই নীতির অন্তর্ভুক্ত মনে করেন।
দ্বিতীয় দলীল: সহিহ বুখারি ও সুনানে নাসাঈর হাদিস
রাসুল (সা.) বলেছেন, ইমাম যখন غير المغضوب عليهم ولا الضالين বলবেন, তখন তোমরা আমিন বলবে। (সহিহ বুখারি, হাদিস: ৭৮০)
আস্তে আমিন বলার পক্ষের আলিমগণ এ হাদিস থেকে যুক্তি পেশ করেন যে, রাসুল (সা.) ইমামের আমিন বলার সময়ের সঙ্গে মুক্তাদির আমিন বলার বিষয়টি সংযুক্ত করেছেন। অর্থাৎ, ইমাম ফাতিহা শেষ করার পর মুক্তাদি আমিন বলবে। তাদের মতে, এ হাদিসে আমিন বলার নির্দেশ থাকলেও উচ্চস্বরে বলার কোনো সুস্পষ্ট নির্দেশ নেই।
এ প্রসঙ্গে সুনানে নাসাঈর একটি বর্ণনাও উল্লেখযোগ্য, ইমাম যখন غي المغضوب عليهم ولا الضالين বলবেন, তখন তোমরা আমিন বলবে। কেননা ফেরেশতারা আমিন বলেন এবং ইমামও আমিন বলেন। (সুনানে নাসাঈ, ১/১৪৭)
তাদের প্রশ্ন হলো, রাসুল (সা.) যদি সর্বদা উচ্চস্বরে আমিন বলতেন, তাহলে ইমাম আমিন বলেন, এ কথাটি আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন কী ছিল?
তৃতীয় দলীল: সাহাবায়ে কেরাম ও তাবেয়ীদের আমল
আস্তে আমীন বলার পক্ষে সাহাবায়ে কেরাম ও তাবেয়ীদের একাধিক আছার (কথা, কাজ ও অনুমোদন) উল্লেখ করা হয়।
১. হজরত ওমর (রা.) থেকে বর্ণিত, ইমাম চারটি বিষয় অনুচ্চস্বরে পাঠ করবেন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আমিন এবং আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। (ইবনে জারীর, কানযুল উম্মাল ৮/২৭৪)
২. হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, ইমাম তিনটি বিষয় অনুচ্চস্বরে পাঠ করবেন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং আমিন। (আল-মুহাল্লা, ৩/১৮৪)
৩. ইবরাহীম নাখাঈ (রহ.) থেকেও বর্ণিত হয়েছে যে, ইমাম বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, আমিন এবং রাব্বানা লাকাল হামদ অনুচ্চস্বরে পাঠ করবেন। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, ২/৮৭; মুসান্নাফে ইবনে আবি শাইবা)
এসব আছারকে (কথা, কাজ ও অনুমোদন) আস্তে আমিন বলার পক্ষের আলিমগণ তাদের মতের সমর্থনে পেশ করেন।
জোরে আমিন বলার পক্ষে দলীল ও যুক্তি
যারা উচ্চস্বরে আমিন বলার পক্ষে, তাদের প্রধান দলীল হলো রাসুল (সা.) থেকে বর্ণিত আমিন সংক্রান্ত হাদিস এবং সহিহ বুখারিতে ইমাম বুখারীর (রহ.) অধ্যায় শিরোনাম।
প্রথম দলীল
সহিহ বুখারির হাদিসে, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ইমাম যখন আমিন বলবেন, তখন তোমরাও আমিন বলবে। কেননা যার আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (সহীহ বুখারী, ১/১০৮)
উচ্চস্বরে আমিন বলার পক্ষের আলিমগণ বলেন, এ হাদিসে ইমাম ও মুক্তাদি উভয়ের আমিন বলার বিষয়টি এসেছে। ইমাম বুখারী (রহ.) এ হাদিসটি তার সহীহ গ্রন্থে উচ্চস্বরে আমিন বলার অধ্যায়ের অধীনে উল্লেখ করেছেন।
অর্থাৎ, মুক্তাদির উচ্চস্বরে আমিন বলা। এ অধ্যায় শিরোনামগুলো থেকে বোঝা যায়, ইমাম বুখারি (রহ.) হাদিসগুলো থেকে উচ্চস্বরে আমিন বলার বিধান গ্রহণ করেছেন। এ কারণে তার অধ্যায় বিন্যাসকে জোরে আমিন বলার পক্ষের আলিমগণ গুরুত্বপূর্ণ দলীল হিসেবে পেশ করেন।
দ্বিতীয় দলীল
সুনানে নাসাঈর যে বর্ণনাটি পূর্বে উল্লেখ করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ইমামও আমিন বলেন। উচ্চস্বরে আমিন বলার পক্ষের আলিমগণ এ বর্ণনাকে এভাবে ব্যাখ্যা করেন যে, ইমামের আমিন বলার বিষয়টি মুক্তাদিদের জানিয়ে দেওয়া হয়েছে, যাতে তারাও আমিন বলার ক্ষেত্রে ইমামের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন।
তৃতীয় দলীল: জোরে আমিন বলার বর্ণনাসমূহ
এ বিষয়ে কিছু মারফূ হাদিস ও বর্ণনা রয়েছে, যেগুলোতে রাসুলের (সা.) আমিন বলার আওয়াজ শোনার কথা বা উচ্চস্বরে আমিন বলার বিষয়টি এসেছে। উচ্চস্বরে আমিন বলার পক্ষের আলিমগণ এসব বর্ণনা এবং সহিহ বুখারির অধ্যায় শিরোনামকে একত্র করে তাদের মতের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে এসব বর্ণনার সনদ ও প্রমাণের শক্তি নিয়ে মুহাদ্দিসদের মধ্যে আলোচনা রয়েছে। তাই প্রতিটি বর্ণনাকে তার সনদ ও প্রাসঙ্গিক ব্যাখ্যাসহ পর্যালোচনা করা প্রয়োজন।
মুহাদ্দিস ও ফকীহদের বক্তব্য
এ বিষয়ে প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা ইবনুল কাইয়্যিম (রহ.) তার বিখ্যাত গ্রন্থ যাদুল মাআদে বলেন, এটি এমন বৈধ মতপার্থক্যের অন্তর্ভুক্ত, যেখানে যে ব্যক্তি কোনো একটি আমল করে, তাকে যেমন ভর্ৎসনা করা যাবে না, তেমনি যে ব্যক্তি তা পরিত্যাগ করে, তাকেও ভর্ৎসনা করা যাবে না। তিনি এ মতপার্থক্যকে নামাজে রাফউল ইয়াদাইন করা বা না করার মতপার্থক্যের সঙ্গে তুলনা করেছেন। (যাদুল মাআদ, ১/৭০)
অর্থাৎ, তার বক্তব্যের আলোকে বোঝা যায়, আমিন উচ্চস্বরে বলা এবং অনুচ্চস্বরে বলার বিষয়টি এমন একটি ফিকহি মতপার্থক্য, যেখানে উভয় পক্ষের আমলের স্বীকৃতি রয়েছে।
অন্যদিকে আল্লামা ইবনুত তুরকুমানি (রহ.) তার আল-জাওহারুন নাকী গ্রন্থে ইমাম ইবনে জারীর তাবারী (রহ.)-এর বক্তব্য উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, আস্তে আমিন বলা হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.), ইবরাহীম নাখাঈ (রহ.), শাবী (রহ.) ও ইবরাহীম তাইমী (রহ.) থেকে বর্ণিত। পাশাপাশি জোরে আমিন বলার বর্ণনাও রয়েছে এবং উভয় পদ্ধতিতে আলিমগণ আমল করেছেন। (আল-জাওহারুন নাকী, ২/৫৮)
এ আলোচনা থেকে বোঝা যায়, বিষয়টি শুধু পরবর্তী যুগের ফিকহি বিতর্ক নয়; বরং সাহাবায়ে কেরাম ও তাবেয়ীদের যুগ থেকেই এ বিষয়ে বিভিন্ন আমল ও মতামত বিদ্যমান ছিল।
মতপার্থক্যের ক্ষেত্রে আমাদের করণীয়
উপরের আলোচনা থেকে স্পষ্ট, আস্তে আমিন বলার পক্ষে যেমন কোরআনের দোয়া সংক্রান্ত নির্দেশনা, সাহাবায়ে কেরামের আছার ও তাবেয়ীদের আমল রয়েছে, তেমনি জোরে আমিন বলার পক্ষে সহিহ বুখারির হাদিস, ইমাম বুখারী (রহ.)-এর অধ্যায় বিন্যাস এবং এ বিষয়ে বর্ণিত অন্যান্য হাদিস রয়েছে। কোনো একটি মতের অনুসারী হওয়ার কারণে অন্য মতের অনুসারীকে সুন্নাহবিরোধী, বিদআতী কিংবা হাদিস অস্বীকারকারী বলা মোটেও সমীচীন নয়। কারণ ফিকহি মতপার্থক্যের ক্ষেত্রে দলীলের ব্যাখ্যা, হাদিসের সমন্বয় এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন আমল বিবেচনায় নিয়ে মুজতাহিদ ইমামগণ পৃথক পৃথক সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
নামাজে আমিন আস্তে বলা হোক কিংবা জোরে বলা হোক, উভয় পদ্ধতির পেছনেই আলেমদের দলীল ও ফিকহি ব্যাখ্যা রয়েছে। তাই এ বিষয়ে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ইলমী শিষ্টাচার বজায় রাখা জরুরি। মতপার্থক্য থাকলেও মুসলিম উম্মাহর ঐক্য, নামাজের পবিত্রতা এবং সুন্নাহর প্রতি ভালোবাসা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























