রাত ১০টার পর কথা বলা একেবারেই পছন্দ করেন না বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এমনকি বিছানায় যাওয়ার পর স্বামী সাইফ আলি খানের সঙ্গেও কথা বলতে চান না তিনি।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হয়ে এসে স্ত্রীর এই অভ্যাসের কথা জানিয়েছেন সাইফ। তবে কারিনার কাছে এটি নিজের জন্য নির্ধারিত সময়, যাকে তিনি বলেন ‘মি টাইম’।
দীর্ঘ ১৬ বছর পর ‘কফি উইথ করণ’-এর মঞ্চে একসঙ্গে ফিরেছেন সাইফ ও কারিনা। অনুষ্ঠানে তাদের কথোপকথনে উঠে আসে ব্যক্তিগত জীবনের নানা মজার ঘটনা।
সঞ্চালক করণ জোহর কারিনা কতটা স্বতঃস্ফূর্ত ও বিনোদনপ্রিয়, তা নিয়ে কথা বলছিলেন। তখনই স্ত্রীর রাত ১০টার পর কথা না বলার অভ্যাসের কথা জানান সাইফ।
সাইফ বলেন, ‘আমি বুঝতেই পারিনি, সে রাত ১০টার পর বিছানায় যাওয়ার পর কথা বলতে পছন্দ করে না। সে কখনো আমাকে বিষয়টি বলেনি।
এরপর কারিনা জানান, দিনের ব্যস্ততার পর রাতের সময়টুকু তিনি নিজের মতো করে কাটাতে চান। সাইফ বলেন, বিষয়টি বুঝতে তার কয়েক বছর সময় লেগেছে। প্রথম দিকে রাত ১০টার পর কারিনা হঠাৎ চুপ হয়ে গেলে তিনি ভাবতেন, হয়তো কোনো কারণে মন খারাপ হয়েছে কিংবা তিনি কিছু ভুল করেছেন।
সাইফের ভাষায়, ‘কয়েক বছর পর আমি নিজেই বুঝতে পারি, সে কথা বলতে চায় না। এটা তার নিজের সময়।
কারিনা মজা করে বলেন, ‘এটাই আমার মি টাইম। আমি শুধু সকালে বিনোদন দিই।’ তার এই মন্তব্যে হাসিতে ফেটে পড়েন করণ ও সাইফ।
অনুষ্ঠানে কারিনার দিনের সময় কাটানোর ধরন নিয়েও কথা হয়। সাইফ জানান, সকালে কারিনা বেশ প্রাণবন্ত থাকেন। ফোনে কথা বলা, নানা বিষয়ে গল্প করা—সবকিছুতেই তার বেশ আগ্রহ। কখনো কখনো কারিনা একটানা কথা বলতে থাকেন, আর সাইফ অপেক্ষা করেন কখন তিনি একটু থামবেন।
এ কথা শুনে কারিনা মজা করে বলেন, তিনি সাইফকে সব ধরনের গসিপ শোনান, কিন্তু সাইফ সেসব খুব একটা মন দিয়ে শোনেন না।
উল্লেখ্য, সাইফ ও কারিনা ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেন। ‘টাশান’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্কের শুরু। তাদের দুই ছেলে—তৈমুর ও জেহ। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের নানা মজার অভিজ্ঞতা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।
বাংলা৭১নিউজ/আরএইচ




























