তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডের এ আদেশ দেন।
গত ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের চার দিন ও ৩ নভেম্বর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।
আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তুরাগ নদীর পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে তার ট্রাউজারের পকেট থেকে একটি আইফোন ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
নিহত তাহসিফ সাউরি বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। প্রাথমিক তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, নিহত তাহসিফ সাউরির জুনিয়র ও সম্পর্কে বড় ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।
পরে তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩০ অক্টোবর জিডির মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ





















