অবশেষে খরা কাটালেন ফিল ফোডেন। দীর্ঘদিন ধরে ছন্দের বাইরে থাকা এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার হ্যাটট্রিক করে নিজের ফেরার বার্তা বার্তা দিলেন বেশ জোরেশোরেই।
তার দারুণ নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
ইত্তিহাদ স্টেডিয়ামে গত রাতে যেন ফোডেন-ঝড় দেখেছে ফুটবলবিশ্ব। গত দুই মৌসুম ধরে বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ২৬ বছর বয়সী এই তারকা নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেছিলেন আগেই। গত শনিবার ইপসউইচের বিপক্ষে গোল করার আগে টানা ১০ মাস গোলের মুখ দেখেননি ফোডেন।
এমনকি চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন তিনি। অবশেষে গত বছরের নভেম্বরের পর আবারও চ্যাম্পিয়নস লিগে গোলের দেখা পেলেন এবং এক ম্যাচেই তুলে নিলেন দুর্দান্ত হ্যাটট্রিক।
ঘরের মাঠে অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্ট থেকে ক্লাবে আসার পর সিটির জার্সিতে নিজের প্রথম গোলটি করেন এলিয়ট অ্যান্ডারসন।
বিরতির ঠিক আগেই ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। বিরতির পর এইকে এথেন্সের হয়ে স্ট্যাভরোস পিলিওস একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দিলেও তা ভেস্তে যায় এনজো মারেস্কার শিষ্যদের ঝোড়ো আক্রমণে।
ম্যানচেস্টার সিটির হয়ে একক নৈপুণ্যে তৃতীয় গোলটি করেন রায়ান শেরকি। এরপর আর আটকানো যায়নি ফোডেনকে, আরো দুটি গোল করে পূরণ করেন চমৎকার এক হ্যাটট্রিক।
মাঠের পারফরম্যান্স উজ্জ্বল হলেও মাঠের বাইরের রাজনীতি নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে ম্যানসিটি।
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে শুনানি শেষ হলেও শাস্তির শঙ্কা এখনো কাটেনি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পয়েন্ট কেটে নেওয়া হলে লিগে অবনমিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে ক্লাবটি। সেক্ষেত্রে এটিই হতে পারে আপাতত তাদের শেষ চ্যাম্পিয়নস লিগ মিশন।
তবে এসব বিতর্ককে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছেন না কোচ মারেস্কা ও তার দল। চলতি মৌসুমে ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে সিটি।
বাংলা৭১নিউজ/আরএইচ





























