ময়মনসিংহের ভালুকায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
এ ছাড়া ডাকাতদের আঘাতে বাড়ির গৃহকর্তা মোহাম্মদ আলী (৭৫) আহত হয়েছেন। তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয় নম্বরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাতদল মোহাম্মদ আলীর বাড়িতে প্রবেশ করে।
এ সময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে তার দুই ছেলে নাজমুল ইসলাম ও সামিউলের ঘরে প্রবেশ করে। পরে সেখান থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের আঘাতে মোহাম্মদ আলী আহত হন।
আহত মোহাম্মদ আলীর ছেলে সামিউল ইসলাম হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তিনি জানান, ডাকাতদল তাদের দুই ভাইয়ের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় তার বাবা ডাকাতদের আঘাতে আহত হন। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সামিউল ইসলাম আরো জানান, তাদের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা করার জন্য তারা থানায় গেছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. রফিকুল ইসলাম জানান, ডাকাতির বিষয়টি তাদের জানা নেই।
অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























