উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে উচ্ছ্বাসে ভাসছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে এমন হাইভোল্টেজ জয়ের পরও শিষ্যদের মাটিতে পা রেখে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন পিএসজি প্রধান কোচ লুইস এনরিকে।
প্যারিসের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি ও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা যেন আক্রমণাত্মক ফুটবলের এক অনন্য প্রদর্শনী উপহার দিল। ম্যাচের মাঝে উসমান দেম্বেলে, খভিচা কাভারেস্খেইয়া এবং অধিনায়ক মারকুইনহোস চোট পেয়ে মাঠ ছাড়লে বড় বিপাকে পড়ে ফরাসি ক্লাবটি। তবে এই চাপ সামলে নিয়েই দুর্দান্ত এক জয় তুলে নেয় এনরিকের দল।
ম্যাচ শেষে পিএসজি কোচ ভক্তদের সমর্থন ও দলের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘অসাধারণ এক পরিবেশ ছিল আজ মাঠে! আমাদের সমর্থকরা সব সময়ই অবিশ্বাস্য।
আমার মনে হয় আজ দুটি দলই অসাধারণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। আমরা প্রথমার্ধে নিখুঁত ফুটবল খেলেছি, তবে দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিট কিছুটা চাপে ছিলাম। বার্সেলোনার মতো বড় দলের বিপক্ষে কঠিন সময় আসবেই। রিজার্ভ বেঞ্চ থেকে নামা ফুটবলাররা দারুণ পারফর্ম করেছে।
এই জয়টা তিন পয়েন্টের হলেও বার্সার মতো দলকে হারানো সব সময়ই বিশেষ কিছু। তবে এখানেই শেষ নয়, আমাদের এই জয়রথ বজায় রাখতে হবে।’
অন্যদিকে দলের জয় নিয়ে তরুণ উইঙ্গার দেজিরে দুয়ে বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা কতটা কঠিন হবে। কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ নিতে পেরেছি। প্রতিপক্ষ মানসম্মত হলেও আমরা নিজেদের সুযোগগুলো পুরোপুরি কাজে লাগিয়েছি।
গোল খাওয়ার পরও আমরা মনোযোগ হারাইনি, কারণ আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখি।’
বাংলা৭১নিউজ/আরএইচ





























