সহজ সুযোগ হাতছাড়া এবং পেনাল্টি মিসের পর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো নিখুঁত ফিনিশারের জন্য গত রাতটি ছিল অবিশ্বাস্য এক হতাশায় মোড়ানো। তবে নিজের স্বদেশি মহাতারকার এমন নিষ্প্রভ রাতে ত্রাতা হয়ে উঠলেন জোয়াও ফেলিক্স।
তার মহামূল্যবান একমাত্র গোলে নিওমকে ১-০ ব্যবধানে হারিয়ে সৌদি প্রো-লিগের শীর্ষ তিনে নিজেদের অবস্থান শক্ত রেখেছে আল নাসর।
মাঠে রোনালদো মানেই প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস আর একের পর এক রেকর্ড ভাঙার গল্প। তবে গত রাতের ম্যাচে যেন নিজের ছায়া হয়ে ছিলেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টার। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৭ মিনিট) সাদিও মানের বানিয়ে দেওয়া বল থেকে একেবারে কাছে পেয়েও বাঁ পায়ের শটে বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন রোনালদো।
হতাশার এখানেই শেষ নয়। ম্যাচের দ্বিতীয় অর্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান তিনি। তবে জোরের ওপর নেওয়া শটটি গোলরক্ষক মার্সিন বুলকার বাঁ পাশ দিয়ে পোস্টের বাইরে চলে যায়। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে ছুটতে থাকা রোনালদোর একই ম্যাচে দুটি সুযোগ হাতছাড়া করা এক বিরল দৃশ্য।
অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা গোল না পেলেও আল নাসরকে তিন পয়েন্ট এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। তার নিখুঁত ফিনিশিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা বিতর্ক নিয়েও বর্তমানে অস্বস্তিতে রয়েছেন এই পর্তুগিজ কিংবদন্তি। পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সাথে কোচের ভূমিকা নিয়ে বিরোধের জেরে গত ৩০ সেপ্টেম্বর ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এই শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ১৯ অক্টোবর পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা এবং ২৫৫ ইউরো জরিমানা করে।
বাংলা৭১নিউজ/আরএইচ





























