রাজশাহী বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।
আদেশ জারির পর গতকালই রাজশাহী ছেড়েছেন তিনি। তার স্থলে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল আলম সরকার।
জানা গেছে, রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে প্রটোকল দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভাগীয় কমিশনারের প্রটোকল ভঙ্গের চেষ্টার ভিডিও। যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয়। পরে রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়। যদিও আদেশে এ বিষয়ে কোনো তথ্য নেই।
উল্লেখ্য, গত ২০ আগস্ট অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছিল।
বাংলা৭১নিউজ/আরএইচ



























