সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন মহালয়া উপলক্ষে ফরিদপুরে প্রথমবারের মতো ব্যতিক্রমী নৃত্যনাট্য ও ঢাক উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় শহরের নিলটুলী আইডিয়াল ক্লাবের উদ্যোগে ফরিদপুর সার্বজনীন পূজা সমিতি মন্দির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
শিশু-কিশোর, নারী-পুরুষসহ নানা বয়সি মানুষ এতে অংশ নেন এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। এ সময় চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার ধর্মীয় আবহ তৈরি হয়। পরে নৃত্যনাট্য পরিবেশনা ও ঢাকের তালে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল একসঙ্গে ১২টি ঢাকের বাদন। ঢাকের ছন্দময় শব্দে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানো হয়।
মহালয়ায় নৃত্যনাট্য ও ঢাক উৎসবের আয়োজক বন্ধুকিশোর ব্রহ্মচারী বলেন, মহালয়াকে কেন্দ্র করে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানাতে এ ঢাক উৎসবের আয়োজন করা হয়েছে। ধর্মীয় আবহ, ঐতিহ্যবাহী ঢাকের বাদন ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে এ আয়োজন দুর্গোৎসবের আনন্দকে আরো বাড়িয়ে দিবে।
আয়োজক সদস্য সুমধুরানন্দ মহারাজ বলেন, মহালয়ার এই বিশেষ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।
বাংলা৭১নিউজ/আরএইচ




























