জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান রিমন এবং চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসব মামলায় প্রায় ১৩ কোটি টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কমিশনের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
দুদকের নথি অনুযায়ী, সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ২২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে ৪ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৬৩ টাকার স্থাবর এবং ৩১ কোটি ৮ লাখ ১ হাজার ৮২৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার সম্পদ পাওয়া যায়। এর বিপরীতে তার দায়-দেনা ১০ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৩৪৪ টাকা। দায় বাদ দেওয়ার পর তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৩৪৩ টাকা।
তদন্তে রিমনের গ্রহণযোগ্য মোট আয় পাওয়া যায় ১৬ কোটি ৮২ লাখ ৩ হাজার ৫৩৫ টাকা। পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ২১৪ টাকা। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর তার নিট আয় বা সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৩২১ টাকা।
কিন্তু তার নিট সম্পদের পরিমাণ এর চেয়ে বেশি। দুদকের হিসাবে, নিট সম্পদ থেকে নিট আয় বাদ দেওয়ার পর তার বিরুদ্ধে ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ২২ টাকার সম্পদের অসংগতি পাওয়া যায়।
পাশাপাশি তার ব্যাংক হিসাবের লেনদেন নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে দুদক। তদন্তে চারটি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুদকের নথিতে চারটি হিসাবে মোট জমার পরিমাণ ৫১৭ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৩৮৩ টাকা উল্লেখ করা হয়েছে। একই পরিমাণ অর্থ বিভিন্ন সময়ে উত্তোলন করায় জমা ও উত্তোলন মিলিয়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকা।
সংস্থাটির অভিযোগ, অবৈধভাবে উপার্জিত অর্থ বৈধ করার অসৎ উদ্দেশ্যে এসব ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মোস্তাফিজ দম্পতির সম্পদেও অসংগতি
অন্যদিকে চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ এনেছে দুদক।
মামলার নথি অনুযায়ী, শাহীন আক্তার চৌধুরী তার স্বামী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সহায়তায় নিজ নামে ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেন বলে প্রাথমিক তদন্তে অভিযোগ করা হয়েছিল। তাদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়।
এছাড়া তাদের ছয়টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৮৮ টাকা ৯৩ পয়সার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদকের অভিযোগ, এসব হিসাবে লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শাহীন আক্তার চৌধুরী ও তার স্বামী মোস্তাফিজুর রহমান চৌধুরীকে আসামি করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়।
মামলাটির তদন্ত শেষে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন চান। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস























