জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সম্পদ রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।
তিনি বলেছেন, হামলা-মামলা ও নির্যাতন করে সিপিবিকে দমন করা যাবে না।
জাতীয় স্বার্থবিরোধী যেকোনো চুক্তি, সিদ্ধান্ত ও তৎপরতার বিরুদ্ধে দলটির প্রতিবাদ ও সংগ্রাম অব্যাহত থাকবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক, ৬৯-এর গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মোহাম্মদ ফরহাদের ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, জনগণের সম্পদ ও জাতীয় স্বার্থ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তির স্বার্থে বিপন্ন হতে দেওয়া হবে না। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের পথ হলো জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জাতীয় স্বার্থের সুরক্ষা এবং শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করা।
রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে বৈষম্য, শোষণ ও লুটপাটের অবসান ঘটাতে হবে।
স্মরণসভায় সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদ প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শ ও নীতিতে অবিচল থেকে কীভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হয়, তা শিখিয়েছেন। তার দেখানো পথে জাতীয় স্বার্থ রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রাম আরো শক্তিশালী করবে সিপিবি। সব প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে চলমান দুঃশাসন, অন্যায়, দমন-পীড়ন এবং জনগণের স্বার্থবিরোধী তৎপরতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সাম্প্রদায়িকতা, নারীবিদ্বেষ, জাতিগত বৈষম্য ও ভিন্নমত দমনের প্রবণতা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পথে বড় বাধা। ধর্ম, বর্ণ, জাতিসত্তা, লিঙ্গ ও রাজনৈতিক মতাদর্শনির্বিশেষে প্রত্যেক মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মোহাম্মদ ফরহাদের দেখানো পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে কমরেড মোহাম্মদ ফরহাদ তার পুরো জীবন ব্যয় করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় পাকিস্তান আমলের স্বৈরাচারবিরোধী সংগ্রাম, মহান ভাষা আন্দোলন, ’৫৮-এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন।
তার দেখানো সংগ্রামের পথ ধরে সিপিবি এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে এ সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে।
এর আগে সকালে বনানী কবরস্থানে কমরেড মোহাম্মদ ফরহাদের সমাধিতে সিপিবিসহ বিভিন্ন গণসংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ






















